• লিড নিউজ
  • অর্থনীতি

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে একটি সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো সরাসরি আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
‎
‎বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘আগামী মাসে, অর্থাৎ ডিসেম্বরে, আমরা বাংলাদেশকে একটি সম্ভাব্য ভবিষ্যৎ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রথমবারের মতো সরাসরি আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’
‎
‎সোমবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন।
‎
‎মিলার জানান যে, ইইউ বাংলাদেশের সঙ্গে তার প্রথাগত দাতা-গ্রহীতার সম্পর্ক ছাড়িয়ে বাণিজ্য, বিনিয়োগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, অভিবাসন, কানেক্টিভিটি (যোগাযোগ) এবং নিরাপত্তা সহযোগিতাকে অন্তর্ভুক্ত করে একটি বিস্তৃত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
‎
‎আনুষ্ঠানিক আলোচনা এখনও শুরু হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখন একটি এফটিএ-র ক্ষেত্র যাচাই (স্কোপিং) করছি।’
‎
‎তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইইউ আরও গভীর বাণিজ্যিক সম্পর্কের জন্য প্রস্তুত, তবে যে কোনো ভবিষ্যতের চুক্তি অবশ্যই সুষম দায়বদ্ধতা, পারস্পরিক সুবিধা এবং প্রয়োগযোগ্য বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।
‎
‎ইইউ রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন যে, শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা এবং সুশাসন দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে থাকবে।
‎
‎স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পরিবর্তনের বিষয়ে বাংলাদেশকে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
‎
‎রাষ্ট্রদূত সতর্ক করে দিয়ে বলেন, শ্রমিকের খরচ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এবং প্রতিযোগীরা ইইউ-এর সঙ্গে এফটিএ সুবিধা পাওয়ায় বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা হ্রাস পেতে পারে।
‎
‎ভবিষ্যতের বাণিজ্য ব্যবস্থার প্রস্তুতির জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের জন্য ছয় বছর সময় বলতে গেলে চোখের পলকের মতো।’
‎
‎তিনি জানান, বাংলাদেশ যেন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে, সেজন্য ইইউ প্রস্তুতির সময়সীমা বাড়ানোর বিষয়টিকে সমর্থন করেছে। তবে এর পাশাপাশি তারা দৃশ্যমান সংস্কার এবং বেসরকারি খাতের আরও জোরালো অংশগ্রহণ প্রত্যাশা করে।
‎
‎ইইউ-কে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে উল্লেখ করে মিলার জানান, ২০২৫ সালে এই জোটে বাংলাদেশের রপ্তানি ২৩.৩ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। এছাড়া শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা প্রদানকারী ইইউ-র ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) প্রকল্পের বৃহত্তম সুবিধভোগী হিসেবে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
‎
‎একটি ভবিষ্যৎ কূটনৈতিক সময়সূচী তুলে ধরে তিনি জানান, উভয় পক্ষ ইতোমধ্যেই একটি ‘পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট’ (পিসিএ)-এর প্রাথমিক খসড়া প্রস্তুত (ইনিশিয়াল) করেছে, যা ২০২৭ সালের প্রথমার্ধে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
‎
‎ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি ‘ফ্রন্টেক্স’-এর সঙ্গে একটি কর্ম কাঠামো চুক্তি নিয়ে আগামী জানুয়ারিতে ঢাকায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
‎
‎আগামী মার্চ মাসে ব্রাসেলসে অর্থনৈতিক, সামুদ্রিক এবং জলবায়ু নিরাপত্তার ওপর মনোযোগ রেখে তৃতীয় ইন্দো-প্যাসিফিক মিনিস্টোরিয়াল ফোরামের আয়োজন করবে ইইউ।
‎
‎বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যৌথভাবে আয়োজিত একটি বড় আকারের ‘বাংলাদেশ-ইইউ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’ আগামী ৫-৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‎
‎এই ফোরামের মাধ্যমে তৈরি পোশাক, চামড়া, কৃষি ব্যবসা, লজিস্টিকস এবং যোগাযোগ খাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করা হবে।
‎
‎ইইউ নেতাদের সঙ্গে বৈঠকের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালের জুনে ব্রাসেলস সফরের পরিকল্পনা নিশ্চিত করেছেন বলেও ঘোষণা দেন মিলার।
‎
‎ইইউ রাষ্ট্রদূত বলেন, ইইউ-র ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগটি বাংলাদেশের পরিবহন, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো এবং লজিস্টিকস খাতে সহযোগিতা বাড়াচ্ছে।
‎
‎ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির উদাহরণ হিসেবে তিনি চট্টগ্রামের লালদিয়া গ্রীন কন্টেইনার টার্মিনাল, রেলওয়ে আধুনিকায়ন এবং দেশের প্রথম বিদ্যুতায়িত রেলওয়ে প্রকল্পের কথা উল্লেখ করেন।
‎
‎বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এয়ারবাস বিমান কেনার জন্য ইইউ বাংলাদেশকে চাপ দিয়েছে- এমন অভিযোগের জবাবে মিলার তা প্রত্যাখ্যান করেন।
‎
‎তিনি বলেন, ‘জোরজবরদস্তি ও চাপ সৃষ্টি ব্যবসা করার পদ্ধতি নয়।’
‎
‎বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১০টি উড়োজাহাজ সরবরাহে এয়ারবাসের চুক্তিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় কোম্পানিগুলো বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা করতে চায়।
‎
‎তিনি বলেন, এই চুক্তিটি বিমানের রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং এভিয়েশন প্রযুক্তিতে আরও সহযোগিতার সুযোগ তৈরি করতে পারে।
‎
‎অভিবাসন ইস্যুতে মিলার জানান যে, আগামী ডিসেম্বরের শুরুতে ইইউ-র ২৭টি সদস্য রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীদের আসন্ন বৈঠকে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে আলোচনা করা হবে।
‎
‎অনিয়মিত অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি রিক্রুটিং এজেন্সিগুলোর কঠোর নিয়ন্ত্রণ, মানবপাচারের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।
‎
‎সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মিলার আস্থা প্রকাশ করেন যে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তবে তিনি অশান্তি মোকাবিলায় সমপরিমাণ প্রতিক্রিয়ার ওপর জোর দেন।
‎
‎আওয়ামী লীগের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ইইউ-র এ বিষয়ে কোনো নির্দিষ্ট অবস্থান নেই।
‎
‎রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ইইউ-র সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন মিলার।
‎
‎তিনি জানান, ২০১৭ সাল থেকে ইইউ অর্ধ বিলিয়ন ইউরোরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে, যার মধ্যে ২০২৬ সালে ৩১.৫ মিলিয়ন ইউরো এবং কক্সবাজারে চলমান উন্নয়ন সহযোগিতায় ৫০ মিলিয়ন ইউরো অন্তর্ভুক্ত রয়েছে।
‎
‎আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের উল্লেখ করে তিনি বলেন, ইইউ আদালতের সামনে রোহিঙ্গাদের সাক্ষ্যদানের সুবিধাসহ দায়বদ্ধতা নিশ্চিতের প্রচেষ্টায় সমর্থন দিয়েছে।
‎
‎মিলার বলেন, ইইউ বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশলের অপেক্ষায় রয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক দায়িত্ব-ভাগাভাগি অব্যাহত রাখার পক্ষে।
‎
‎ক্রমবিকাশমান এই সম্পর্ককে উত্তরোত্তর রাজনৈতিক ও কৌশলগত উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পক্ষেরই নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন।
‎
‎তিনি বলেন, ‘এই এজেন্ডাটি আমাদের আকাক্সক্ষাকে প্রতিফলিত করে- যা মূলত বিশ্বাস, ন্যায্যতা এবং অভিন্ন লক্ষ্য ভাগ করে নেওয়া উদ্দেশ্যে অংশিদারিত্বের ওপর ভিত্তি করে গড়ে তোলার।’
‎
‎অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি এ কে মোহাম্মদ মঈনুদ্দিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েশও বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

১

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

২

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৩

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

৪

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম ...

image

‎সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪শ' ৪...

৫

নিউজ ডেস্কঃ সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁ...

  • company_logo