তথ্য প্রযুক্তি ডেস্ক : শীতের আগমনের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন শহরে বাড়তে শুরু করেছে বায়ুদূষণ। যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলাবালি এবং আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে বাতাসে দূষিত কণার পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলে বাইরে বের হওয়ার আগে বাতাসের মান যাচাই করার প্রয়োজনীয়তাও বাড়ছে। এ ক্ষেত্রে স্মার্টফোন কিংবা কম্পিউটারে গুগল ম্যাপ ব্যবহার করেই নির্দিষ্ট এলাকার বায়ুদূষণের পরিস্থিতি জানা সম্ভব।
গুগল ম্যাপে থাকা ‘এয়ার কোয়ালিটি’ ফিচারের মাধ্যমে মানচিত্রের ওপর বিভিন্ন এলাকার বাতাসের মান ও দূষণের মাত্রা দেখা যায়। এ জন্য আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করারও প্রয়োজন নেই।
গুগল ম্যাপের এয়ার কোয়ালিটি ফিচারে যা জানা যাবে
গুগল ম্যাপের সাধারণ মানচিত্রের পাশাপাশি আলাদা একটি স্তরে বায়ুর মানের তথ্য প্রদর্শিত হয়। বিভিন্ন রঙের মাধ্যমে কোনো এলাকার বাতাস কতটা পরিষ্কার কিংবা দূষিত, তা বোঝানো হয়। বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে এই সুবিধা চালু রয়েছে।
বিভিন্ন দেশের ক্ষেত্রে গুগল স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তথ্যসূত্র থেকে বায়ুর মানের উপাত্ত সংগ্রহ করে। যেমন যুক্তরাষ্ট্রে পরিবেশ সুরক্ষা সংস্থা এবং পার্পলএয়ারের বিভিন্ন সেন্সরের তথ্য ব্যবহার করা হয়।
মোবাইলে যেভাবে বাতাসের মান দেখবেন
অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই ধরনের স্মার্টফোনেই কয়েকটি সহজ ধাপে এই সুবিধা ব্যবহার করা যায়। চলুন জেনে নেওয়া যাক-
১. গুগল ম্যাপ চালু করুন: প্রথমে স্মার্টফোনে গুগল ম্যাপ অ্যাপ খুলুন। সর্বশেষ সংস্করণ ব্যবহার করলে সুবিধাটি খুঁজে পাওয়া সহজ হবে।
২. পছন্দের এলাকা খুঁজুন: সার্চ বক্সে নিজের শহর, নির্দিষ্ট এলাকা কিংবা কোনো স্থাপনার নাম লিখে অনুসন্ধান করুন। চাইলে বর্তমান অবস্থান দেখানোর অপশন ব্যবহার করেও নিজের আশপাশের পরিস্থিতি দেখতে পারবেন।
৩. লেয়ারস অপশনে যান: মানচিত্রের সার্চ বক্সের পাশে থাকা কয়েকটি বর্গাকার আকৃতির ‘লেয়ারস’ আইকনে চাপ দিন। অ্যাপের সংস্করণভেদে আইকনটির অবস্থান কিছুটা ভিন্ন হতে পারে।
৪. এয়ার কোয়ালিটি নির্বাচন করুন: লেয়ারস মেনু খুললে বিভিন্ন অপশনের মধ্যে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করুন। এরপর মানচিত্রে বিভিন্ন এলাকার বায়ুদূষণের মাত্রা রঙের মাধ্যমে ফুটে উঠবে।
৫. বিস্তারিত তথ্য দেখুন: মানচিত্রে নির্দিষ্ট কোনো এলাকা বা বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের চিহ্নে চাপ দিলে সংশ্লিষ্ট স্থানের বায়ুর মান এবং দূষণ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
কম্পিউটারে যেভাবে দেখবেন
কম্পিউটার থেকেও একই সুবিধা ব্যবহার করা যায়। এজন্য প্রথমে ব্রাউজারে গুগল ম্যাপ চালু করে পছন্দের এলাকা খুঁজে নিতে হবে। এরপর মানচিত্রের নিচের দিকে থাকা ‘লেয়ারস’ অপশনে ক্লিক করে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করলেই সংশ্লিষ্ট এলাকার বায়ুর মান দেখা যাবে।
রঙ দেখে বুঝবেন বাতাস কতটা দূষিত
গুগল ম্যাপে বিভিন্ন রঙের মাধ্যমে বাতাসের গুণগত মান তুলে ধরা হয়। প্রতিটি রঙের রয়েছে আলাদা অর্থ।
তবে শুধু মানচিত্রের রঙ দেখে বাতাসের অবস্থা নির্ধারণ করা উচিত নয়। সংশ্লিষ্ট এলাকার বায়ুমান সূচক (একিউআই), সংখ্যাগত মান এবং দূষণের শ্রেণিও যাচাই করা প্রয়োজন।
কেন এই সুবিধা গুরুত্বপূর্ণ?
বাইরে বের হওয়ার আগে কোনো এলাকার বায়ুর মান জেনে নিলে প্রয়োজন অনুযায়ী সতর্কতা নেওয়া সহজ হয়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য দূষণের মাত্রা সম্পর্কে আগাম ধারণা রাখা গুরুত্বপূর্ণ। গুগল ম্যাপের এই সুবিধা ব্যবহার করে দূষণের পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।
মন্তব্য (০)