• তথ্য ও প্রযুক্তি

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্টে আবারও যুক্ত হচ্ছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য। এ নিয়ে দীর্ঘদিনের মতবিরোধের অবসান ঘটিয়ে ২০২৭ সাল থেকে বিলবোর্ডকে আবারও স্ট্রিমিংয়ের তথ্য সরবরাহ করবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।
‎
‎সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউটিউব। বিলবোর্ডের চার্ট তৈরির পদ্ধতিতে পরিবর্তন আনার পর প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মে বিজ্ঞাপন দেখে বিনা মূল্যে গান শোনার স্ট্রিমিংকে আগের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হবে।
‎
‎২০২৫ সালের ডিসেম্বরে বিলবোর্ডকে স্ট্রিমিংয়ের তথ্য দেওয়া বন্ধ করে দেয় ইউটিউব। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, বিলবোর্ডের হিসাব পদ্ধতিতে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে গান শোনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিপরীতে বিজ্ঞাপন দেখে বিনা মূল্যে গান শোনার বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।
‎
‎সে সময় ইউটিউবের গ্লোবাল হেড অব মিউজিক লায়র কোহেন এক ব্লগ পোস্টে বলেছিলেন, বিলবোর্ডের প্রচলিত হিসাব পদ্ধতি বর্তমান সময়ের শ্রোতাদের গান শোনার অভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বিনা মূল্যে গান শোনা বিপুলসংখ্যক শ্রোতার অংশগ্রহণ এই পদ্ধতিতে যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
‎
‎বিলবোর্ডের আগের নিয়ম অনুযায়ী, ১ হাজার পেইড স্ট্রিমিংকে ২ হাজার ৫০০ বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিংয়ের সমান হিসেবে বিবেচনা করা হতো। নতুন নিয়মে এই ব্যবধান কমিয়ে আনা হয়েছে। এখন ১ হাজার পেইড স্ট্রিমিংয়ের সমান ধরা হবে ১ হাজার ৫০০ বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিংকে। ফলে বিনা মূল্যে গান শোনার স্ট্রিমিংও চার্টে শিল্পীদের অবস্থান নির্ধারণে আগের চেয়ে বেশি প্রভাব ফেলবে।
‎
‎তবে নতুন পদ্ধতিতেও পেইড স্ট্রিমিংকে বেশি গুরুত্ব দেওয়া হবে। শুধু বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিংয়ের মূল্যায়ন আগের তুলনায় বাড়ানো হয়েছে।
‎
‎নতুন এই পরিবর্তনে স্বতন্ত্র শিল্পী এবং আন্তর্জাতিক শ্রোতাদের কাছে জনপ্রিয় শিল্পীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। ইউটিউবে মিউজিক ভিডিও, সরাসরি সংগীত পরিবেশনা, গানের কথা এবং অন্যান্য সংগীতবিষয়ক কনটেন্টের মাধ্যমে শিল্পীরা বিপুলসংখ্যক শ্রোতার কাছে পৌঁছান। নতুন নিয়মে এসব কনটেন্টের মাধ্যমে তৈরি হওয়া শ্রোতাদের অংশগ্রহণ বিলবোর্ড চার্টে আরও বেশি প্রতিফলিত হবে।
‎
‎অন্যদিকে, ইউটিউবের স্ট্রিমিং তথ্য যুক্ত হলে শ্রোতাদের গান শোনার অভ্যাস সম্পর্কে আরও পূর্ণাঙ্গ চিত্র পাবে বিলবোর্ড। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ গান শোনার পাশাপাশি নতুন শিল্পী ও গান আবিষ্কারের জন্য ইউটিউব ব্যবহার করেন। এত দিন এই প্ল্যাটফর্মের তথ্য ছাড়া চার্ট তৈরি হওয়ায় গান শোনার একটি বড় অংশ হিসাবের বাইরে থেকে যাচ্ছিল।

মন্তব্য (০)





image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

২

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

  • company_logo