নিজস্ব প্রতিবেদক : সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের উচ্চমাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা এবং ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে ‘গো গার্লস স্কলারশিপ ২০২৬’ চালু করেছে সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান মজার ইশকুল (Mojar School)। ‘Higher Secondary Education & Leadership Programme’ শীর্ষক এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি নেতৃত্ব বিকাশ, জীবনদক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মানিকনগরে মজার ইশকুলের ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রাথমিক পর্যায়ে মজার ইশকুল থেকে এসএসসি সম্পন্ন করে বিভিন্ন কলেজে ভর্তি হওয়া ১৪ শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে ১১ জন মেয়ে ও ৩ জন ছেলে। দীর্ঘদিন বিনামূল্যে শিক্ষা গ্রহণের পর উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা অব্যাহত রাখতে এসব শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হবে।
আয়োজকেরা জানান, ‘গো গার্লস স্কলারশিপ’ কেবল আর্থিক সহায়তাভিত্তিক কোনো শিক্ষাবৃত্তি নয়। এর আওতায় শিক্ষার্থীরা মাসিক শিক্ষা সহায়তার পাশাপাশি নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ, জীবনদক্ষতা প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। ভবিষ্যতে দেশের অন্যান্য সুবিধাবঞ্চিত মেয়েদেরও এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার। তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিজের এভারেস্ট জয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
নিশাত মজুমদার বলেন, এভারেস্টের চূড়ায় পৌঁছানোর পথ যেমন সহজ ছিল না, তেমনি মজার ইশকুলের শিক্ষার্থীরাও জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে আজ কলেজ পর্যায়ে পৌঁছেছে। জীবনের কঠিন পরিস্থিতিতে সাহস না হারিয়ে আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। বড় স্বপ্ন পূরণে বাধা আসবে, তবে লক্ষ্য স্থির রেখে চেষ্টা চালিয়ে গেলে কঠিন পথও অতিক্রম করা সম্ভব বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট ফাইন্যান্স স্পেশালিস্ট ও সাবেক ব্যাংকার তানমি হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একজন মানুষের লিঙ্গপরিচয় কিংবা বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থান কখনোই তার ভবিষ্যতের সীমা নির্ধারণ করতে পারে না। নিজেদের সক্ষমতার ওপর বিশ্বাস রেখে নিয়মিত শেখা, নতুন দক্ষতা অর্জন এবং যোগ্যতা প্রমাণের মাধ্যমে ভবিষ্যতের সুযোগ তৈরি করতে হবে।
নারী উদ্যোক্তা ও ‘আবায়া এন্ড গাউন’-এর প্রতিষ্ঠাতা মারুফা জাহানও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যতে কে কী হতে চায়, তা এখন থেকেই ভাবতে হবে। লক্ষ্য নির্ধারণের পর সে অনুযায়ী জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের প্রস্তুতি নিতে হবে। বড় স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিন অতিথিই নিজেদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
মজার ইশকুল সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মাসে ২ হাজার টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা মাসে ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি পাবে। এ ছাড়া শিক্ষার্থীদের নিয়মিত পর্যবেক্ষণ, মাসিক সভা এবং জীবনদক্ষতা ও নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণের জন্য আলাদা বাজেট রাখা হয়েছে।
প্রাথমিকভাবে উচ্চমাধ্যমিক পর্যায়ের দুই বছরের শিক্ষাজীবনকে কেন্দ্র করে এ সহায়তা পরিকল্পনা করা হয়েছে। শিক্ষার্থীরা যেন শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে উচ্চশিক্ষা, কর্মজীবন ও সামাজিক নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০১৩ সালের ১০ জানুয়ারি রাজধানীর শাহবাগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যাত্রা শুরু করে মজার ইশকুল। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকায় দুই হাজারের বেশি শিশুকে নিয়মিত শিক্ষা সহায়তা দিচ্ছে।
২০২৬ সালে প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৯২ শতাংশ পাসের সাফল্য অর্জন করে। পরবর্তী সময়ে তাদের একটি অংশ বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে ভর্তি হয়। এসব শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা থেকেই নতুন এ শিক্ষাবৃত্তি কর্মসূচি চালু করা হয়েছে।
মজার ইশকুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফের পরিকল্পনায় পরিচালিত এ উদ্যোগের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পাশাপাশি নিজেদের পরিবার, সমাজ ও দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়ে উঠবে। আয়োজকদের মতে, একটি মেয়ের শিক্ষায় বিনিয়োগ শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ বদলায় না, বরং তার পরিবার ও পরবর্তী প্রজন্মের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। সেই বিশ্বাস থেকেই ‘গো গার্লস স্কলারশিপ’ কর্মসূচিকে দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে এগিয়ে নিতে চায় মজার ইশকুল।
মন্তব্য (০)