• শিক্ষা

জবিতে আজানের সময় গান বন্ধ করতে বলায় সংঘর্ষ, আহত ছাত্রশক্তির সভাপতি-সম্পাদক

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইশার আজানের সময় গান বন্ধ করতে বলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েমের মুঠোফোন কেড়ে নেয়ারও অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া মোহাম্মদ নূরুদ্দীন অপু।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। এ সময় ইশার আজান শুরু হলে গান বন্ধ রাখার অনুরোধ জানান ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। এতে ছাত্রশক্তির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আহত হন বলে দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা।

তবে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহসিন বিশ্বাস। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নামাজের সময় সাউন্ড বক্স বন্ধ ছিল। নামাজের পর ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী এসে ঝামেলা শুরু করেন। এ সময় ফেরদৌসসহ কয়েকজন তাদের বাবার বয়সী সিনিয়রদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে হাতাহাতি হয়। তিনি আরও বলেন, ‘আমরাও রাজনীতি করেছি, কিন্তু সিনিয়রদের সঙ্গে কখনও এ ধরনের মিসবিহেভ বা বেয়াদবি করিনি।’

এদিকে, সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েমের মুঠোফোন কেড়ে নেয়ার অভিযোগ ওঠে মহসিনের বিরুদ্ধে। ফোন কেড়ে নেয়ার বিষয়টি ভুল স্বীকার করে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, তিনি ছাত্রশক্তির কেউ। আমার এই ভুলের জন্য আমি ক্ষমা চাই।’


এ বিষয়ে ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ‘ইশার আজানের সময়ও তারা সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। আমরা শুধু বলেছি, আজানের সময় গান বন্ধ রাখতে হয়। এরপর তারা উত্তেজিত হয়ে আমাদের ওপর তেড়ে আসেন এবং হামলা চালান। এতে আমাদের দুজন গুরুতর আহত হয়েছেন।’


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, ‘বিকেলের দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা শুনেছি, আজানের সময় সাউন্ড বক্স বন্ধ করতে বলায় এ হামলার ঘটনা ঘটেছে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

মন্তব্য (০)





  • company_logo