• প্রশাসন

কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রকিবউদ্দীন জনি বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে নাম উল্লেখ করা আসামিদের পরিচয় ও মামলার অন্যান্য বিস্তারিত তথ্য পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা মাদক উদ্ধারের জন্য সেখানে গেলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারের কপি হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

মন্তব্য (০)





  • company_logo