• সমগ্র বাংলা

নওগাঁয় মধ্যরাতে দুটি বাসে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরে বাইপাস গাবতলী মোড় নামক স্থানে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক বা হেলপার ছিলেন না। আশপাশেও সন্দেহজনক কাউকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বাস দুটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, কী কারণে বাস দুটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। পাশাপাশি পুলিশও বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo