• আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ব্যবহারে ছাড় পাচ্ছে ভারত, চীন, ইরাক ও কাতার: ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধের মধ্যেও চার দেশকে ছাড় দিয়েছে ইরান। ভারত, চীন, ইরাক ও কাতারকে এ সুবিধা দেওয়ার পেছনে বড় লাভ দেখেছে ইরান। রয়েছে কয়েকটি শর্তও।

দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম জানিয়েছেন, এই সুবিধার বিনিময়ে ভারত থেকে ওষুধ এবং চীনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাবে তেহরান।

একই সঙ্গে ভারত ও চীনের জাহাজ থেকে ট্রানজিট ফি আদায় করবে ইরান। কাতারের জাহাজ চলাচল করবে বিনা শুল্কে। তবে বাকি দেশগুলো কবে এবং কখন হরমুজে চলাচলের সুযোগ পাবে তা জানায়নি তেহরান।

ইরানের এই সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক এবং লিবিয়ায় অস্ট্রিয়ার সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে উলফগ্যাং পুস্তাই।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন, বিভিন্ন কারণে এটি তেহরানের একটি কৌশলী পদক্ষেপ। উদ্যোগটি সফল হলে ইরানের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হবে। কারণ, চীন ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই কেনে চীন।

পুস্তাই বলেন, কাতার ও ভারতকে ছাড় দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলের প্রতি সমর্থন দুর্বল করার চেষ্টা করছে ইরান। বিশেষ করে কাতারের জাহাজকে কোনো ধরনের ট্রানজিট ফি দিতে হচ্ছে না।

তিনি উল্লেখ করেন, কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বহু ক্রেতা রয়েছে। ফলে দেশটির জাহাজ চলাচলে ছাড় দেওয়াও ইরানের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।

তবে এই ছাড় যুক্তরাষ্ট্রের অবরোধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দর থেকে আসা-যাওয়া করা সব দেশের জাহাজই অবরোধের আওতায় থাকবে। তবে ইরানের বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন জাহাজের চলাচলে বাধা নেই।

মন্তব্য (০)





  • company_logo