• লিড নিউজ
  • জাতীয়

‎সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‎
‎আজ ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, যুবসমাজ একটি জাতির প্রাণশক্তি এবং উন্নয়নের প্রধান নির্ধারক।
‎
‎রাষ্ট্রপতি বলেন, দেশের সব বড় গণতান্ত্রিক অর্জনে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের দশকের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।
‎
‎তিনি বলেন, যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করা গেলে স্বনির্ভর, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।
‎
‎এ বছরের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ যথার্থ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ, যা দেশের সবচেয়ে বড় সম্ভাবনার প্রতিনিধিত্ব করে।
‎
‎অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এ জনমিতিক সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‎
‎রাষ্ট্রপতি বলেন, এ লক্ষ্য অর্জনে মানসম্মত ও কর্মসংস্থানমুখী শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে।
‎
‎তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই উদ্যোগকে আরও সুদৃঢ় করেন।
‎
‎রাষ্ট্রপতি বলেন, যুব উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী ও আধুনিক করতে বর্তমান সরকার সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করেছে।
‎
‎এসব উদ্যোগের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কৃষি, হস্তশিল্প, কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিচ্ছে।
‎
‎সরকারি ও বেসরকারি খাতের গৃহীত এসব উদ্যোগ তরুণদের উদ্যোক্তা ও স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
‎
‎সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি মাদকাসক্তি প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক অবক্ষয় রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম গ্রহণের জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান।
‎
‎যুবসমাজের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি ও পরিবারগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
‎
‎রাষ্ট্রপতি বলেন, ‘যুবসমাজের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাকে আমাদের সম্মিলিত অঙ্গীকার হিসেবে গ্রহণ করতে হবে।’
‎
‎জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

মন্তব্য (০)





image

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

১

নিউজ ডেস্কঃ  লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমা...

image

‎১০ মাস পর পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন, তবে চলছে না...

২

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্...

image

ওসমানী মেডিক্যালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে...

৩

‎নিউজ ডেস্কঃ  সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপ...

image

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অ...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্...

image

‎মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যো...

৫

‎নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব...

  • company_logo