• আন্তর্জাতিক

দিল্লিতে বিজেপি-ইন্ডিয়া জোটের পাল্টাপাল্টি বিক্ষোভ, বিপাকে ব্যবসায়ীরা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করবে বিরোধীরা। অন্যদিকে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় নিহতদের স্মরণে পৃথক মিছিলের আয়োজন করেছে বিজেপি। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে গিয়ে শেষ হবে বিরোধী জোটের ‘চলো দিল্লি’ কর্মসূচি। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করবেন বিরোধী নেতারা।

কর্মসূচিতে অংশ নিতে আজ সকাল ১১টায় কনস্টিটিউশন ক্লাবে জড়ো হওয়ার কথা বিরোধী জোটের সংসদ সদস্যদের। দুপুর ১২টায় মধ্য দিল্লির মিন্টো রোড- কনট প্লেস সংযোগস্থল থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।

এতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি, তেজস্বী যাদব ও অখিলেশ যাদবসহ বিরোধী জোটের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিক্ষোভের আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ছয় দফা অভিযোগসংবলিত একটি প্রতীকী প্রস্তাব উত্থাপন করেন খাড়গে। এতে নির্বাচনে প্রভাব বিস্তারের ষড়যন্ত্র, ভোটার তালিকা থেকে ১৩ কোটি ২০ লাখ নাম বাদ দেওয়া, সংসদের নজরদারি ছাড়াই ফরম-৬ পরিবর্তন এবং ইসিনেটের মাধ্যমে ভোটার তালিকার নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ আনা হয়।

এ ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্য দুই নির্বাচন কমিশনারকে বাইরে রাখার অভিযোগও তোলা হয়েছে।

বিরোধী জোটের এই কর্মসূচিকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছে বিজেপি। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল গত মাসে কর্মসূচি ঘোষণা করে এর নাম দিয়েছিলেন ‘চলো দিল্লি, ভোট বাঁচাও, দেশ বাঁচাও’। তার অভিযোগ, বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা থেকে ব্যাপকভাবে নাম বাদ দিয়ে নির্বাচনী কারচুপি করা হচ্ছে।

ভেনুগোপাল বলেন, ভোটার তালিকা থেকে ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। রাহুল গান্ধী নির্ভয়ে এসব অনিয়মের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন এবং ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা করছেন।

এদিকে বিরোধীদের কর্মসূচির দিনই পশ্চিম দিল্লিতে পৃথক মিছিল করবে বিজেপি। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় নিহতদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে দাঙ্গার বার্ষিকীতে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অভিযোগ তুলেছে দলটি।

বিজেপির মিছিল সকাল সাড়ে ১১টায় হরি নগর বাস ডিপো থেকে শুরু হয়ে তিলক নগর মেট্রো স্টেশনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা, এইচ এস ফুলকা, মনজিন্দর সিং সিরসা ও বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজের অংশ নেওয়ার কথা রয়েছে।

মিছিলের আগে গুরদুয়ারা শহীদগঞ্জ সাহিবে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন বিজেপি সাংসদ বিক্রমজিৎ সিং সাহনি। দাঙ্গায় বেঁচে যাওয়া ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যরাও কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে।

দীপাবলির আগে ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা

রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির ব্যবসায়ীরাও। তাদের আশঙ্কা, সড়ক বন্ধ ও যানজটের কারণে দীপাবলির আগে উৎসবকেন্দ্রিক কেনাকাটায় ভাটা পড়তে পারে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা।

অটোমোটিভ পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারাং বলেন, বিক্ষোভ করার গণতান্ত্রিক অধিকারকে তারা সমর্থন করেন। তবে কর্মসূচির সময় ও স্থান নিয়ে তাদের আপত্তি রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক কোনো দলের সঙ্গে তাদের বিরোধ নেই। কিন্তু দীপাবলির আগে এমন সময়ে এবং এমন স্থানে বিক্ষোভ আয়োজন করা ব্যবসায়ীদের জন্য বড় সমস্যা তৈরি করবে।

নারাং জানান, বিক্ষোভস্থলের তিন কিলোমিটারের মধ্যে চাঁদনি চক, সদর বাজার, দরিয়াগঞ্জ, মোরি গেট ও কাশ্মীরি গেটের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা রয়েছে। এ ধরনের কর্মসূচির কারণে বাইরের ব্যবসায়ীরা সাধারণত তিন দিন আগে ও পরে দিল্লিতে আসা এড়িয়ে চলেন।

সংগঠনটির সহসভাপতি রবিন্দর সিং কোহলির আশঙ্কা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকেরা। তাদের মধ্যে কুলি, মালবাহী শ্রমিক ও ঠেলাগাড়িচালকেরা রয়েছেন। প্রতিদিন ২০০ থেকে ৩০০ রুপি আয় করে যাদের পরিবার চলে, তাদের জীবিকায় সরাসরি প্রভাব পড়বে।

সংগঠনটির সাধারণ সম্পাদক ধরমপাল রাত্রার হিসাব অনুযায়ী, বিক্ষোভের কারণে ব্যবসায়ীদের দুই হাজার রুপির বেশি ক্ষতি হতে পারে।

তবে ব্যবসায়ীদের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন রাহুল গান্ধী। বরং বিক্ষোভে অংশ নিতে আসা মানুষকে দিল্লিতে কেনাকাটা করার আহ্বান জানিয়েছেন তিনি। তার দাবি, মিছিলের কারণে ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না। বিজেপি ভয় পেয়েছে বলেই গুজব ছড়াচ্ছে।

 

মন্তব্য (০)





image

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

১

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

image

লেবাননের পাহাড় কেটে সড়ক বানাচ্ছে ইসরাইল, উদ্দেশ্য কী?

২

নিউজ ডেস্কঃ  দক্ষিণ লেবাননের পাহাড় ও উপত্যকার মধ্য দিয়ে...

image

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

৩

নিউজ ডেস্কঃ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ...

image

এবার জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, পুলিশের ওপর ককটেল ন...

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পর এবার শিক্ষা ব্যবস্থার ব...

image

ভয়াবহ দাবানলের কবলে ইন্দোনেশিয়া, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ

৫

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলের কবলে শ্বাসকষ্টজনিত রোগে ভু...

  • company_logo