• বিনোদন

আমি আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নই: রাধিকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বর্তমানে সিনেমা কিংবা ওটিটিতে সহিংসতার প্রবণতা অস্বস্তির বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তিনি বলেন, এ ধরনের সিনেমা এখন ব্যবসায়িকভাবে ভালো করছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এসব সিনেমার প্রতি আগ্রহী নই। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজ ও সিনেমা মুক্তি নিয়ে এমন ভাবনার কথাই জানিয়েছেন রাধিকা আপ্তে।

রাধিকা আপ্তে অভিনীত বেশিরভাগ কাজ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ‘স্যাক্রেড গেমস’, ‘ঘুল’, ‘মিসেস আন্ডারকভার’, ‘সালি মোহাব্বত’ ও ‘মনিকাঃ ও মাই ডার্লিং’-এর মতো সিনেমায় কাজের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিতি পেয়েছেন এ অভিনেত্রী। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল কিনা, তা নিয়ে খুব একটা ভাবেন না বলে জানান রাধিকা আপ্তে। 

সাধারণত নারীপ্রধান সিনেমায় বক্স অফিস সাফল্য নিয়ে হতাশা প্রকাশ করে অভিনেত্রী বলেন, নারী অভিনীত সিনেমার ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা এখনো সীমিত। আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের ক্ষেত্রে প্রেক্ষাগৃহে ভালো সূচনা পাওয়ার আশা করা গেলেও অন্যান্য অভিনেত্রীর জন্য সেই সুযোগ অনেকটাই কম বলে জানান রাধিকা আপ্তে।

অভিনেত্রী বলেন, ‘আমি কোনো কাজ বেছে নেওয়ার সময় সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, নাকি ওটিটিতে—এটা বিবেচনা করি না। বিষয়টি নিয়ে আমার খুব একটা মাথাব্যথা নেই। এর সঙ্গে অনেক ব্যবসায়িক সিদ্ধান্ত জড়িত। আমি বরং চাই— সিনেমাটি যেকোনোভাবে মুক্তি পাক।’ তিনি আরও বলেন, ‘আমি প্রধান চরিত্রে থাকলে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ভালো ব্যবসা করবে না, এমনকি সেটি খুব ভালো সিনেমা হলেও। আমি যদি আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোনের মতো প্রতিষ্ঠিত অভিনেত্রী হতাম, তবে ভালো উদ্বোধনী আয়ের আশা করতে পারতাম। কিন্তু তেমনটি নই।’

নারীপ্রধান সিনেমার সাফল্যে অনিশ্চয়তার কারণ প্রসঙ্গে রাধিকা বলেন, বিশেষ করে অভিনেত্রীদের পুরুষপ্রধান সিনেমায় কাজ করতে হয়। যদিও এমন পরিস্থিতিতে কাজ করতে তিনি আগ্রহী নন; কিন্তু করতে হয়। তিনি আরও বলেন, ‘আমি খুব সৎভাবে বলছি— এর অর্থ হলো আমাকে এমন সিনেমায় কাজ করতে হবে, যেখানে পুরুষেরা প্রধান চরিত্রে থাকবেন।’

উল্লেখ্য, অভিনেত্রী রাধিকা আপ্তে অভিনীত আগামীতে দেখা যাবে ‘আক্কা’ সিরিজে। কীর্তি সুরেশ অভিনীত এ সিরিজটি ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ৩’-তেও অভিনয় করেছেন কৃতি , সেখানে তার সহশিল্পী ছিলেন কঙ্কনা সেন শর্মা। 

মন্তব্য (০)





  • company_logo