• আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিনের বড় সাফল্য, ফিরে আসার ঝুঁকি কমাল ৪২ শতাংশ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চিকিৎসাবিজ্ঞানে এক অসম্ভবকে সম্ভব করে দেখালেন গবেষকেরা। মারাত্মক ত্বকের ক্যানসার বা মেলানোমায় আক্রান্ত রোগীদের জন্য তৈরি পৃথিবীর প্রথম ক্যানসার ভ্যাকসিন বা টিকা এক পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেয়েছে। অস্ত্রোপচারের পর এই টিকা ব্যবহারে রোগীদের শরীরে ক্যানসার বা টিউমার আবার ফিরে আসার কিংবা মৃত্যুর ঝুঁকি প্রায় ৪২ শতাংশ পর্যন্ত কমে গেছে।

সাধারণত অন্যান্য টিকা রোগ ঠেকানোর জন্য দেওয়া হলেও, এই টিকাটি ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, প্রতিটা রোগীর ক্যানসার টিউমারের ধরন ও বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তাদের জন্য আলাদা টিকা তৈরি করা হয়। ফলে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম ক্যানসার কোষগুলোকে সহজে চিনে নিয়ে তা পুরোপুরি ধ্বংস করতে পারে।

বিশ্বের প্রায় ১ হাজার ১৩৭ জন ক্যানসার রোগীর ওপর বড় পরিসরে এই পরীক্ষামূলক প্রয়োগ চালানো হয়। গবেষণায় দেখা যায়, অস্ত্রোপচারের পর সাধারণ ক্যানসারের ওষুধের পাশাপাশি এই নতুন ভ্যাকসিন দিলে ক্যানসার ফিরে আসার ভয় অনেকাংশেই কমে যায়। গবেষকেরা আশা করছেন, ত্বকের ক্যানসারের এই বড় সাফল্যের পর ভবিষ্যতে অন্যান্য ক্যানসারের চিকিৎসাতেও এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে।

সূত্র: নিউজ.কম.এইউ

মন্তব্য (০)





  • company_logo