ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
সভায় চাটমোহর পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ পূজামণ্ডপের প্রস্তুতি, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় চাটমোহর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি), চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা প্রকৌশলী, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম, আনসার ও ভিডিপির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।
এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাটমোহর উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পূজার সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় স্থানীয় সুধীজন ও সংবাদকর্মীরাও বক্তব্য দেন।
সভায় জানানো হয়, এ বছর চাটমোহর উপজেলায় মোট ৫৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী এ পূজা অনুষ্ঠিত হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মুসা নাসের চৌধুরী সরকারের বিভিন্ন নির্দেশনা পড়ে শোনান এবং তা যথাযথভাবে পালন করার আহ্বান জানান। নির্দেশনার মধ্যে রয়েছে—প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, জরুরি মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, মাদকমুক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ ও তাদের পরিচয়পত্র প্রদান, আনসার-ভিডিপি সদস্যদের থাকার ব্যবস্থা এবং আলোকসজ্জা সীমিত রাখা।
এছাড়া কোনো সংবাদ প্রচারের আগে তথ্যের সত্যতা যাচাই, গুজব না ছড়ানো, আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখা এবং সার্বিক নিরাপত্তায় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও জানানো হয়, পূজামণ্ডপে যাতায়াতের রাস্তা-ঘাটের প্রয়োজনীয় মেরামত ও সমস্যার সমাধান করা হবে। বিষয়ভিত্তিক সভার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়ার কথাও জানানো হয়।
সভায় জরুরি সেবার জন্য সংশ্লিষ্ট দপ্তরের মোবাইল নম্বরও জানানো হয়।
সভা শেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

মন্তব্য (০)