ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি"র কবল থেকে ২৪ জেলেকে ফিরিয়ে আনলো বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।"
১৯ আগস্ট বুধবার বিকেলে বিজিবি’র একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যলাইনে আরাকান আর্মির নিকট হতে ১৮ জন বাংলাদেশী ও ৬ জন রোহিঙ্গাসহ মোট ২৪ জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফেরত নিয়ে আসে।
এসময় জেটি ঘাটে বিজিবি কর্মকর্তা ছাড়াও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামসহ কোস্ট গার্ড, পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় এবং মানবিক তৎপরতার অংশ হিসেবে মিয়ানমার হতে আরাকান আর্মির হাতে আটককৃত ২৪ জন জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
জানা যায়, বিগত ২০২৫ সাল হতে ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া বেশকিছু বাংলাদেশী জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে মিয়ানমারের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। আটককৃত জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত স্থানে অথবা জেলখানায় সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমারের আরাকান আর্মি গত ২০২৫ সালের ১ জানুয়ারি হতে চলতি ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত
২২২ জন বাংলাদেশী ও ২১২ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) সহ সর্বমোট ৪৩৪ জন জেলেকে নাফনদী ও বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায়। এরমধ্যেই ১৫৭ জন বাংলাদেশী ও ১৯১ জন রোহিঙ্গাসহ মোট ৩৪৮ জন জেলেকে ফেরত আনা হয়েছে।
এখনো আরাকান আর্মির হেফাজতে আটক রয়েছে ৬৫ জন বাংলাদেশী ও ২১ জন রোহিঙ্গাসহ মোট ৮৬ জন জেলে।
এ প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার প্রদান করে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগের ফলে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় ২৪ জন জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। বাকি ৮৬ জন জেলেকেও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা হবে।
ইতোমধ্যে স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ফিরিয়ে আনা ২৪ জন জেলের পরিচয় নিশ্চিত করার পর তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জোত কাকু...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফ্যামিলি কার...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ঘি ও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জমকালো বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্...

মন্তব্য (০)