• সমগ্র বাংলা

কেরানীহাট কাঁচাবাজারে দোকান সংস্কারের নামে টাকা আদায়ের অভিযোগ, তদন্তের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র সাতকানিয়ার কেরানীহাট কাঁচাবাজারে দোকান ও টিনের সিট সংস্কারের নামে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে। প্রায় ১০ জন ব্যবসায়ীর কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, এর আগে বাজারের দোকান বা টিনের সিট সংস্কারের নামে তাদের কাছ থেকে এভাবে অর্থ নেওয়া হয়নি। হঠাৎ করে বড় অঙ্কের টাকা দাবি করায় ক্ষুদ্র ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, টাকা দিতে অস্বীকৃতি জানালে দোকান বরাদ্দ ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্নভাবে বাধা এবং ভয়ভীতি দেখানো হচ্ছে।

দীর্ঘদিনের ক্ষুদ্র ব্যবসায়ী আবছার বলেন, “দোকান ও টিনের সিট সংস্কারের কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমরা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করি। এর মধ্যে ২০ থেকে ৩০ হাজার টাকা দেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টকর।”

আরেক ব্যবসায়ী সেলিম উদ্দিন অভিযোগ করে বলেন, “দোকান সংস্কারের কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হলেও কোনো লিখিত কাগজপত্র বা রসিদ দেওয়া হয়নি। কী কারণে এবং কত টাকা নেওয়া হচ্ছে, সেটিও স্পষ্ট নয়। আগে কখনো এভাবে টাকা দিতে হয়নি। এখন হঠাৎ করে টাকা চাপিয়ে দেওয়া হচ্ছে।”

ব্যবসায়ীদের অভিযোগ, ‘হুমায়ুন’ নামে এক ব্যক্তি সংস্কারকাজের কথা বলে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন। ব্যবসায়ীদের দাবি, ওই টাকা কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনের কাছে দেওয়া হয়েছে বলে তাদের জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে হুমায়ুন বলেন, ব্যবসায়ীরা কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনের কাছে সবাই গেলে চেয়ারম্যান জানান, সরকারি বরাদ্দের টাকা শেষ হয়ে গেছে। বাকি সংস্কারকাজ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সম্পন্ন করা হবে। পরে তার টাকা সহ আরো তিনজন ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া টাকা চেয়ারম্যানের কাছে পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার বলেন, “ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে কারা টাকা নিয়েছে, কী কারণে নিয়েছে এবং কোথায় টাকা দেওয়া হয়েছে—তা খতিয়ে দেখা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ধরনের লিখিত অনুমোদন, রসিদ বা স্বচ্ছ হিসাব ছাড়া টাকা আদায়ের অভিযোগ অত্যন্ত গুরুতর। যদি কেউ সংস্কারের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে, তাহলে এর সঠিক তদন্ত হওয়া জরুরি। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। কোনো চক্র যেন কেরানীহাটের সাধারণ ব্যবসায়ীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।”

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে আমি কিছু জানি না।”

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “আমাকে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ব্যবসায়ীদের দাবি, কাঁচাবাজারের দোকান ও টিনের সিট সংস্কারের জন্য যদি সরকারি বরাদ্দ থাকে, তাহলে বরাদ্দের পরিমাণ, অর্থ ব্যয়ের খাত এবং বাস্তবে সম্পন্ন হওয়া কাজের বিস্তারিত হিসাব প্রকাশ করতে হবে। একই সঙ্গে সংস্কারের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

দিনাজপুরে মহা স্নান যাত্রায় আগামীকাল মনোবাসনা পুরনে মহাদে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে শুরু হয়েছে বোলো বোম কমিটির আয়...

image

সকালে ভাইরাল ভিডিও, বিকেলেই পদ হারালেন ছাত্রদল নেতা

গাজীপুর প্রতিনিধি : সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘিরে আলো...

image

৬০ বছর বয়সেও ভিক্ষায় চলে ৬ জনের সংসার: জোটেনি সরকারি ভাতা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ৬০ বছর বয়সী ফজিলা বেগমের ভিক্...

image

দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন: প্রতি...

ময়মনসিংহ প্রতিনিধি: আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা...

image

মুক্তাগাছায় দুঃস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি ...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় অসহায়, দুঃস্থ ও প...

  • company_logo