ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি: দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা। জেলার পাঁচটি সংসদীয় আসনের সব সংসদ সদস্য তাঁদের এক মাসের সম্পূর্ণ মূল বেতন এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (১২ জুলাই) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যাকবলিত মানুষের সহায়তায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত এই উদ্যোগ গাজীপুর জেলা প্রশাসনের একটি মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ।
সভা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা কমিটির বৈঠক চলাকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন প্রথমে নিজের এক মাসের সম্পূর্ণ মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে একদিনের মূল বেতন দেওয়ার আহ্বান জানান।
তাঁর এই প্রস্তাবে তাৎক্ষণিকভাবে সমর্থন জানান জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। পরে সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও তাঁদের অধীন কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একদিনের মূল বেতন প্রদানের বিষয়ে সম্মতি প্রকাশ করেন।
জেলা প্রশাসক জানান, সভায় উপস্থিত না থাকা গাজীপুরের অন্য চার সংসদ সদস্যের সঙ্গে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁরাও স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশ নেওয়ার সম্মতি দেন।
এক মাসের মূল বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দীন আইয়ুবী এবং গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে জেলার সব সরকারি দপ্তর থেকে কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের অর্থ সংগ্রহ করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে পুরো অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “গাজীপুর একটি বিশেষ জেলা। দুর্যোগের এই সময়ে জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত এই উদ্যোগ অন্য জেলার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
দিনাজপুর প্রতিনিধি: পকেটো নগদ টাকা বহনের ঝামেলা এবং জাল...
নওগাঁ প্রতিনিধি: প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী বিশ্ব জনসংখ্...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজে...
পাবনা প্রতিনিধিঃ পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জ...

মন্তব্য (০)