• সমগ্র বাংলা

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন কৌশল উদ্ঘাটন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কৌশলে চা পাতার প্যাকেটের ভেতরে লুকিয়ে আনা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় মনসুর মণ্ডল ওরফে 'বোদা' (৪০) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

বুধবার (১ জুলাই) সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকার এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আবু জাফর।

আটক মনসুর মণ্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মণ্ডলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

ডিএনসির উপ-পরিচালক আবু জাফর জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রংপুরে একটি বড় ইয়াবার চালান পাঠানো হচ্ছে। তথ্য যাচাইয়ের পর বুধবার সকাল থেকেই সিভিল পোশাকে অধিদফতরের সদস্যরা এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিস অফিসের আশপাশে অবস্থান নেন।

তিনি বলেন, "নির্দিষ্ট তথ্য অনুযায়ী মনসুর মণ্ডল ওরফে বোদা কুরিয়ার অফিসে পার্সেল গ্রহণ করতে এলে তাকে নজরদারিতে রাখা হয়। পরে পার্সেলটি গ্রহণের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পার্সেল খুলে দেখা যায়, চা পাতার প্যাকেটের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছে ১২ হাজার পিস ইয়াবা।"

তিনি আরও জানান, আটক মনসুরের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই ব্যবসার আড়ালেই তিনি দীর্ঘদিন ধরে পাইকারিভাবে ইয়াবার কারবার পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি নিয়মিত কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদকের চালান এনে রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

আবু জাফর বলেন, "মাদক কারবারিরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। কখনও ফলের কার্টন, কখনও পোশাক, আবার কখনও খাদ্যপণ্যের মোড়কে মাদক পরিবহন করছে। এবার চা পাতার প্যাকেট ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করা হয়েছিল। তবে গোয়েন্দা তথ্য ও নিবিড় নজরদারির কারণে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।"

তিনি বলেন, "এর আগেও বিভিন্ন অভিনব কৌশলে আনা মাদকের বড় বড় চালান আমরা উদ্ধার করেছি। সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির আলোকে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং পুরো চক্র শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্র বলছে, কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে মাদক কারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও গোয়েন্দা নজরদারি জোরদার হওয়ায় একের পর এক চালান জব্দ হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক পাচার চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হবে।

মন্তব্য (০)





image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

image

পাবনায় স্কুলে হামলা ভাংচুরের ঘটনায় বিএনপির একাংশের নেতাদে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্...

  • company_logo