ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিতর্ক উঠায় পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগের রাতে (৯ মে) নজিরবিহীনভাবে সরকার পুলিশ পদক বিতরণ কার্যক্রম স্থগিত করেছিল। স্থগিত সেই পুলিশ পদক বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ১০৯ জন নয়, অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ১০৫ জনকে পুলিশ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ আগের তালিকা থেকে বিতর্কিত ৪ জন পুলিশ কর্মকর্তার নাম বাদ যাচ্ছে। এখন পুলিশ সদর দপ্তর বিতর্কিত ৪ জনের নাম বাদ দিয়ে অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠাবে। এরপর মন্ত্রণালয় পদক প্রদানের সরকারি প্রজ্ঞাপন জারি করবে। পরবর্তী সময় সুবিধাজনক সময়ে পুলিশ পদক বিতরণ করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।
গত ১০ মে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই দিনই পুলিশের বিভিন্ন পদবির কর্মকর্তা ও সদস্যদের ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদক পরিয়ে দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু আগের রাতেই পুলিশ পদক বিতরণ কার্যক্রম স্থগিত করার কথা জানা যায় পুলিশ সদর দপ্তর থেকে। ফলে ওই দিন পদক বিতরণ হয়নি।
অভিযোগ উঠে, পদক তালিকায় নাম থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী এবং পুলিশ পদকপ্রাপ্ত। এই অভিযোগ সরকারের উচ্চপর্যায়ের গোচরীভূত হলে পদক প্রদান কার্যক্রম স্থগিত করা হয়। পদকের তালিকাটি যাচাই-বাছাই করে আগামীতে বিতরণ করা হবে বলেও তখন জানিয়েছিল পুলিশ সদর দপ্তর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে একাধিক গোয়েন্দা সংস্থা তালিকাটি নানাভাবে পরীক্ষা-নীরিক্ষা করে ৪ জন পুলিশ কর্মকর্তার নাম বাদ দেওয়ার সুপারিশ করে। সে অনুযায়ী এখন পুলিশ সদর দপ্তর তালিকাটি সংশোধন করে সরকারের অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবে। প্রধানমন্ত্রী অনুমোদনের পরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করার পর সুবিধাজনক সময়ে যে কোনো দিন পদকপ্রাপ্তদের মাঝে তা বিতরণ করা হবে। তবে এটি স্বরাষ্ট্রমন্ত্রী বিতরণ করবেন নাকি প্রধানমন্ত্রী করবেন, তা সরকারের সিদ্ধান্তের বিষয়।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ...
নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অব...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী...
নিউজ ডেস্ক : প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নত...

মন্তব্য (০)