পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ জুন শুরু হচ্ছে দুইদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড টেকনোলজিস-২০২৬ (ইফাস্ট)।
হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত দুইদিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ ১৭টি দেশের গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, পেশাজীবী, তরুণ গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। ৩৯টি সেশনে ৩০৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়েশিয়া, পের্লিস (ইউনিম্যাপ) যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনের মূল উদ্দেশ্য উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন প্রবণতা, চ্যালেঞ্জ ও বাস্তবভিত্তিক সমাধান নিয়ে আন্তর্জাতিক পরিসরে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করা। এতে উন্নত পদার্থ বিজ্ঞান ও নিউক্লিয়ার বিজ্ঞান, রসায়ন ও উদ্ভাবন, ভূগোল-পরিবেশ ও টেকসই উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটিং ও যোগাযোগ প্রযুক্তি, গাণিতিকি বিজ্ঞান, নেটওয়ার্ক ও সাইবার সিকিউরিটি, ফার্মাসিউটিক্যাল সায়েন্সস এবং পরিসংখ্যান বিষয়ক গবেষণা উপস্থাপিত হবে।
বহুমাত্রিক এই সম্মেলনের মাধ্যমে একদিকে যেমন বিশেষায়িত গবেষণার ক্ষেত্রগুলোতে নতুন চিন্তার উদ্ভব হবে, অন্যদিকে আন্ত:বিষয়ক গবেষণার জন্যও নতুন সম্ভাবনা তৈরি হবে। সম্মেলনের মাধ্যমে গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা একই প্ল্যাটফর্মে নিজেদের গবেষণা, অভিজ্ঞতা ও উদ্ভাবনী চিন্তা বিনিময়ের সুযোগ পাবেন।
সম্মেলনটি বাংলাদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি দেশের গবেষণা ও উদ্ভাবনকে বৈশ্বিক অঙ্গনে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপনের সুযোগ সুষ্টি করবে।
২৭ জুন শনিবার সকাল ১১টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ। ২৮ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
সম্মেলনের দুইদিনে মোট ৩৭৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। প্রথমদিনে ১৯৬টি এবং দ্বিতীয় দিনে ১৮টি। ২২৮টি অফলাইন, ৭৮টি অনলাইন এবং ৬৯টি পোষ্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের বক্তাদের তালিকায় রয়েছেন মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চেনজিটআর্ন প্রফেসর ড. সাইদুর রহমান, কিংস কলেজ লন্ডন, কেমব্রিজ এবং সার্নের জ্যেষ্ঠ বিজ্ঞানী প্রফেসর ড. জন এলিস, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি ড. কেইওয়োশি এবং মার্সার ইউনিভার্সিটির প্রফেসর ড. রাকিবুল হাসান। এছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেবেন প্রফেসর ড. এ. কে. এম. আজহারুল ইসলাম, প্রফেসর ড. শাকির আলী, ড. লিয়াংলি, ড. সারাউইয়িাসিহপোস্ট, ড. মো. মিজানুর রহমান খান, ড. মো. আনোয়ার খসরু পারভেজ, ড. আইসুগিয়ে সহ খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদরা।
সম্মেলনের আয়োজক কমিটির প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. রাহিদুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সম্মেলন প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য চিন্তা ও গবেষণার দ্বার খুলে দেবে বলে আমরা বিশ্বাস করি।
সম্মেলন সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, আর্ন্তজাতিক সম্মেলন ইফাস্ট ২০২৬ এ
অংশগ্রহণকারী দেশি-বিদেশি গবেষক, শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী সবাইকে স্বাগত জানাই। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বর্তমান বিশ্বের প্রধান চালিকা শক্তি। এই সম্মেলন নতুন ধারণা, গবেষণা ফলাফল ও সহযোগীতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পালন করবে। এই সম্মেলনের মাধ্যমে আমাদের গবেষণা-সামর্থ্য, আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ন পদক্ষেপ। এর মাধ্যমে দেশি-বিদেশী গবেষকদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হবে। যৌথ গবেষণা গড়ে উঠবে এবং আন্তর্জাতিক গবেষণা অঙ্গণে আমাদের গবেষক ও গবেষণার ক্ষেত্র আরও দৃশ্যমান ও শক্তিশালী হয়ে উঠবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবসময় গবেষণা ও উদ্ভাবনভিত্তিক জ্ঞান চর্চাকে উৎসাহিত করে। আন্তর্জাতিক এই সম্মেলন বিশ্বব্যাপী গবেষকদের মধ্যে সেতুবন্ধন রচনা করে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মেলনের অর্জিত অভিজ্ঞতা থেকে আমরা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মান সম্পন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করবো ইনশাআল্লাহ।
মন্তব্য (০)