রংপুর ব্যুরো : সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য ও জ্বালানি তেল বিক্রির অভিযোগে রংপুর নগরীর সেনপাড়া এলাকায় মেসার্স এস.এস ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক মো. আজিজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে রংপুর র্যাব-১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জানান, মেসার্স এস.এস ট্রেডার্স সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে অধিক দামে ভোজ্য তেল ও জ্বালানি তেল বিক্রি করছিল। এতে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানটির গুদামে গিয়ে দেখা যায়, সেখানে কোনো সুস্পষ্ট মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি।ক্রয়মূল্যের তথ্য ও বিক্রয় সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রেও অসঙ্গতি লক্ষ্য করা যায়, যা ভোক্তা অধিকার আইনের পরিপন্থী।
রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, বাজারে অস্থিতিশীলতা রোধ ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে র্যাব নিয়মিতভাবে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। “আমরা চাই বাজারে স্বচ্ছতা বজায় থাকুক।যারা অসাধু উপায়ে মুনাফা লুটতে চান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,”বলেন তিনি।অভিযান চলাকালে স্থানীয় সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেন।
তারা বলেন, বাজারে দীর্ঘদিন ধরে তেলের দামে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু এর বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না। এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে তারা মনে করেন।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি জ্বালানি ও ভোজ্য তেলের বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রির চেষ্টা করছে। এ অবস্থায় বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা মজুতদারি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সচেতন মহল মনে করছে-শুধু অভিযান নয়, বাজার ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং ব্যবসায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তবেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং ভোক্তারা স্বস্তি পাবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, “বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কোনো ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে পণ্যের দাম বাড়িয়ে দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকের অভিযানে আমরা তারই প্রমাণ পেয়েছি এবং আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “শুধু জরিমানা করাই উদ্দেশ্য নয়, বরং ব্যবসায়ীদের সচেতন করা এবং ভোক্তাদের অধিকার রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
মন্তব্য (০)