ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর সৈয়দ ভাকুরী এলাকায় কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত একটি নড়বড়ে বাঁশের সাঁকোই ছয় গ্রামের মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকোর ওপর দিয়েই পারাপার হচ্ছে শত শত মানুষ। দীর্ঘদিন ধরে এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখনো বাস্তবায়ন না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী সৈয়দ ভাকুরী গ্রামের মিজানুর রহমান জানান, উপজেলার চর সৈয়দ ভাকুরী এলাকায় কাঁচামাটিয়া নদীর উপর নির্মিত অস্থায়ী এই সাঁকোর ওপর দিয়েই দক্ষিণ পাশের তারাকান্দি ভাইদগাঁও, চর সৈয়দ ভাকুরী এবং উত্তর পাশের কাকনহাটি, সৈয়দ ভাকুরী ও দড়ি পাঁচাশী গ্রামের শত শত মানুষ প্রতিদিন চলাচল করে থাকেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে তাদের ভরসা এই নড়বড়ে সাঁকো।
সাঁকোটির দক্ষিণ পাশে রয়েছে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসা, ভাইদগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তরে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি অফিস, আদালত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলার সদর হাট বাজার। এসব স্থানে যেতে এই সাঁকোই এলাকাবাসীর একমাত্র ভরসা।
জানা গেছে, প্রতি বছর ডিসেম্বর মাসে জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সময় হাজার হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে নদীর ওপর অস্থায়ী এই সাঁকোটি নির্মাণ করে। পরবর্তীতে এলাকাবাসী নিজেরাই এটি মেরামত করে সারা বছর ব্যবহার করে থাকেন।
ভাইদগাঁও গ্রামের বাসিন্দা গোপালচন্দ্র বিশ্বাস বলেন, এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হলে নদীর দু’পাড়ের ছয় গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
একই গ্রামের গৃহবধূ নিলুফা বেগম জানান, সাঁকোটি পাকা না থাকায় আমাদের ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যেতে অনেক সময় ঘুরে যেতে হয়। আবার কোনো মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে হলে দুই থেকে তিন কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হয়। এখানে একটি পাকা ব্রিজ হলে আমাদের অনেক কষ্ট কমে যাবে।
ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা বলেন, এখানে ব্রিজ নির্মাণের জন্য সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন এবং ফখরুল ইমামের সময় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জায়গা পরিমাপ করা হয়েছিল এবং ব্রিজ নির্মাণের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু পরে আর কাজ শুরু হয়নি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। বর্তমান সংসদ সদস্যের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, সাঁকোটির দু’পাশে যদি সংযোগ সড়ক থাকে, তাহলে জরুরি ভিত্তিতে আবেদন করলে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : এএফসি ওমেন্...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ ...
নড়াইল প্রতিনিধি : "আজকের বিনিয়োগ আগামীর অঙ্গীকার, সুরক্...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘আজকে...

মন্তব্য (০)