ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমা থেকে বাংলাদেশি পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন: শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমীর আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন। তারা মাহামুদুল্লাহ নামে এক ব্যক্তির মালিকানাধীন নৌকায় মাছ শিকার করছিলেন।
প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। এ সময় হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। পরে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। এ সময় অন্য নৌকাগুলো নিরাপদে ফিরে যায়।’
তিনি আরও বলেন, ‘মাছ শিকার শেষে ফেরার সময় মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে ফিরতে হয়। এ কারণে প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।’
শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ‘জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর নৌকাটি মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবি এবং উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, ‘পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং কোস্টগার্ড কর্তৃপক্ষকে অবহিত করেছি। তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।’
এ ছাড়া এলাকায় অবস্থানরত মাঝি ও জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান মো. ইমামুল হাফিজ নাদিম।
এ দিকে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময় আরাকান আর্মি ধরে নিয়ে যায় ৭৩ জেলেকে। দীর্ঘ আলোচনা ও সমন্বয়ের পর গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশে ফিরিয়ে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার পুত্রবধূ ও চট...
লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে লালমনিরহাটে ...
নওগাঁ প্রতিনিধি: গত কিছু দিন ধরে নওগাঁর মান্দা থানা এলাকায় ব...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায়...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামীণ অবকাঠ...

মন্তব্য (০)