• সমগ্র বাংলা

দেশবাসী এখন দখলদার নির্বাচন থেকে মুক্ত: ড. আব্দুল মঈন খান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান
বলেছেন, এক সময়ের স্বৈরশাসক সরকার আমাদের নেতা তারেক রহমানকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করেছিল। দীর্ঘ ১৭ বছর পর তিনি আবার দেশে ফিরে এসেছেন। এদেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিদ্রোহের মধ্য দিয়েই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যারা টানা তিনটি জাতীয় নির্বাচন দখল করে নিয়েছিল, সেই দখলদারিত্ব থেকে আজ মুক্ত হয়েছে দেশবাসী। এখন এই দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ.কে.এম. ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ আজ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই মুহূর্তে মানুষ পরিবর্তনের প্রত্যাশায় বিএনপির দিকে তাকিয়ে আছে।

কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি হুসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশে প্রকৃত অর্থে জনগণের কোনো সরকার ছিল না। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে যারা এমপি হওয়ার নৈতিক অধিকার হারিয়েছিল, তারা নিজেদের স্বার্থেই রাষ্ট্র পরিচালনা করেছে। তারা লুটপাট করে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের যৌথ সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ.কে.এম. ফজলুল হক মিলন, তার সহধর্মিণী শম্পা হক, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাষ্টার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শুরুর আগেই পৌরসভা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল এসে মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত করে। স্লোগান, ব্যানার ও পোস্টারে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে জনসভা উৎসবমুখর পরিবেশে রূপ নেয় এবং কালীগঞ্জে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

মন্তব্য (০)





  • company_logo