• সমগ্র বাংলা

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে। এরপর ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা।
‎
‎নাঈমুর রহমানের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে যান হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান। এ সময় হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
‎
‎আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎পুলিশের প্রাথমিক ধারণা, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত। তবে কী কারণে তাদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বিরোধ তৈরি হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার কারণ উদ্‌ঘাটন ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য (০)





  • company_logo