ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক: শীতের আমেজ শুরু হতে না হতেই আবহাওয়ার খামখেয়ালিপনায় সর্দি-কাশি বা জ্বর লেগে থাকে। ঠিক এই সময়টাতেই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। আর এ কাজে দারুণ সঙ্গী হতে পারে সজনে ডাঁটার স্যুপ।
বাঙালির রান্নাঘরে সজনে ডাঁটা নতুন কিছু নয়; শুক্তো থেকে শুরু করে ঝাল-ঝোলে এর চিরচেনা উপস্থিতি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শীতের শুরুতে নিয়মিত সজনে ডাঁটার স্যুপ খেলে শরীর ভেতর থেকে শক্তিশালী হয়। সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন এটি পাতে রাখতে পারলে বেশ ভালো সুফল মেলে।
পুষ্টিগুণের দিক থেকে সজনেডাঁটা বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, আয়রন ও ফোলেট। পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট ও আঁশ।
কেন খাবেন সজনে ডাঁটার স্যুপ?
রক্তস্বল্পতা দূর করতে: সজনে ডাঁটার সঙ্গে সজনেপাতা মিশিয়ে স্যুপ তৈরি করলে শরীরে আয়রন ও ফোলেটের জোগান বাড়ে। যাদের হিমোগ্লোবিন কম বা রক্তস্বল্পতার সমস্যা রয়েছে, তাদের জন্য এটি বেশ উপকারী। এতে প্রোটিন ও আঁশও পাওয়া যায়।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে: সজনে ডাঁটায় থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দেয় ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পরিবেশনের আগে গরম স্যুপে সামান্য লেবুর রস চিপে নিলে স্বাদ বাড়ার পাশাপাশি ভিটামিন সি-র মাত্রাও বাড়ে।
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে: শীতের দিনে তৃষ্ণা কম পাওয়ায় অনেকে পর্যাপ্ত পানি পান করেন না। ফলে ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে পড়ে। নিয়মিত সজনে ডাঁটার স্যুপ শরীরের পানিশূন্যতা কিছুটা হলেও পূরণ করে। এর ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে এবং অকালবার্ধক্যের ছাপ কমাতে সহায়তা করে।
হৃদযন্ত্রের যত্নে: সজনে ডাঁটা ও পাতার অ্যান্টি-অক্সিডেন্ট এবং নানা ভিটামিন রক্তনালির সুস্থতা বজায় রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে।
ডায়াবেটিস রোগীদের জন্য: আঁশসমৃদ্ধ খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সজনেডাঁটায় পর্যাপ্ত আঁশ থাকায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও পরিমিতভাবে এই স্যুপ খেতে পারেন।
কীভাবে বানাবেন?
প্রথমে সজনে ডাঁটা ছোট ছোট টুকরো করে কেটে পানিতে সেদ্ধ করে নিন। ঠান্ডা হয়ে এলে ওপরের শক্ত আঁশ বা খোসা ছাড়িয়ে ভেতরের নরম অংশটুকু বেটে বা চটকে নিন।
এবার একটি প্যানে এক চা-চামচ ঘি গরম করে তাতে পেঁয়াজকুচি ও রসুনকুচি হালকা ভেজে নিন। এরপর ডাঁটার শাঁস ও ধোয়া সজনেপাতা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ নাড়ুন। পরিমাণমতো পানি ও স্বাদমতো লবণ দিয়ে ফুটিয়ে নিন। নামানোর আগে সামান্য জিরাগুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন। গরম-গরম পরিবেশন করুন পুষ্টিকর সজনেডাঁটার স্যুপ।
লাইফস্টাইল ডেস্ক: শীতকালে পানি পানের পরিমাণ কমে যাওয়ায় ...
নিউজ ডেস্ক : লাল রঙের বিটরুট অনেকের কাছেই খুব একটা পছন্দের স...
লাইফস্টাইল ডেস্কঃ আপনার শিশুসন্তানের শরীরে ভিটামিনের ঘাটতি হ...
লাইফস্টাইল ডেস্ক: কেউ হাই তুলছেন, আর তা দেখে নিজেরও হাই চলে ...
লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

মন্তব্য (০)