• লিড নিউজ
  • অর্থনীতি

মজুরি ঘোষণার পর শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, কাজে ফিরেছেন শ্রমিকরা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার পর শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। কর্মবিরতিতে থাকা শ্রমিকদের বড় একটি অংশ কাজে ফিরেছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বিক্ষোভের পর সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে।

‎নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিক নেতাদের কাজে ফেরার আহ্বান এবং মালিকপক্ষের উৎপাদন স্বাভাবিক রাখার তাগিদ শ্রমিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। শ্রমিকদের কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে কারখানাগুলোতে উৎপাদন সচল হওয়ায় তৈরি পোশাকশিল্পেও স্বস্তি ফিরতে শুরু করেছে।
‎
‎আজ বৃহস্পতিবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। তবে কয়েকটি কারখানায় এখনো কর্মবিরতি অব্যাহত রয়েছে।
‎
‎শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
‎
‎শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ার তিনটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে। এ ছাড়া আরও কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।
‎
‎তবে অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে অনেক শ্রমিক কাজে যোগ দিয়েছেন।
‎
‎এর আগে নতুন মজুরি ঘোষণার পর গতকাল বুধবার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।
‎
‎সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, মালিক ও শ্রমিকপক্ষ এবং মজুরি বোর্ডের অন্যান্য সদস্যদের ভোটাভুটির মাধ্যমে যে সিদ্ধান্ত এসেছে, তা শ্রমিকদের প্রত্যাশার পুরোপুরি প্রতিফলন না ঘটালেও বর্তমান বাস্তবতায় তারা এটিকে স্বাগত জানিয়েছেন।
‎
‎তিনি বলেন, এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত ঘোষিত মজুরি কত দ্রুত এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায়, তা নিশ্চিত করা।
‎
‎নাজমা আক্তার বলেন, নতুন মজুরি ঘোষণার পরও বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ চলছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসবে বলে তিনি আশাবাদী। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।
‎
‎বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারও নতুন মজুরি ঘোষণাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকার তুলনামূলক কম সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করেছে। এটি একটি ইতিবাচক উদ্যোগ।
‎
‎তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকেরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন থেকে ফিরে আসবেন এবং নতুন উদ্যমে কর্মস্থলে কাজে যোগ দেবেন।
‎
‎এদিকে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উপদেষ্টা শ্রমিকনেতা হুমায়ুন কবির খানও নতুন মজুরি মেনে শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী মজুরি নির্ধারিত না হলেও দেশের শিল্প অর্থনীতি, রপ্তানি বাণিজ্য ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে।
‎
‎হুমায়ুন কবির খান বলেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর নিম্নতম মজুরি বোর্ড গঠনের বিধান করা হয়েছে। এতে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হবে।
‎
‎অন্যদিকে, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। মজুরি বোর্ডের সব সদস্য নতুন কাঠামোয় স্বাক্ষর করেছেন। তাই সংশ্লিষ্ট সব পক্ষের এ সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত।
‎
‎তিনি বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে পোশাকের দর কমে যাওয়ায় নতুন মজুরি বাস্তবায়ন শিল্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলোর ওপর বাড়তি ব্যয়ের চাপ পড়বে। এ পরিস্থিতিতে শ্রমিক-মালিকের মধ্যে সহযোগিতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা জরুরি।
‎
‎নতুন মজুরি কাঠামো অনুযায়ী, তৈরি পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।
‎
‎নতুন কাঠামোয় প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মাসিক মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।
‎
‎দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা।
‎
‎তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। তাদের মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা। চতুর্থ গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।
‎
‎দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর গত মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ১৮ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছিলেন। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৭ হাজার টাকা। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।
‎
‎মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিসেম্বর মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী পরিশোধ করা হলে শ্রমিকেরা জানুয়ারি মাসে প্রথম বর্ধিত বেতন পাবেন।
‎
‎নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও বাড়িভাড়া নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দিয়েছেন শ্রমিক নেতারা।
‎
‎সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, শুধু খাদ্যসহায়তা বা চাল দেওয়ার মতো সাময়িক উদ্যোগে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে না। তাদের আবাসন, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি ও খাবারের দাম নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে বাড়িভাড়া বৃদ্ধি ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
‎
‎শিল্পসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকদের কাজে ফিরে আসা তৈরি পোশাকশিল্পের জন্য ইতিবাচক অগ্রগতি। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে পারস্পরিক আস্থা বজায় রেখে উৎপাদন কার্যক্রম সচল রাখা গেলে সাম্প্রতিক অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠা সহজ হবে।
‎
‎দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে কারখানাগুলোতে শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
‎
‎সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন মজুরি কাঠামো যথাযথভাবে বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মালিক-শ্রমিকের মধ্যে আলোচনার পরিবেশ বজায় রাখার মাধ্যমে শিল্পাঞ্চলের অবশিষ্ট অসন্তোষও দ্রুত নিরসন হবে।

মন্তব্য (০)





image

২৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজ...

image

সঞ্চয়পত্রের সেলফ সার্ভিস পোর্টাল চালু, তথ্য দেখবেন যেভাবে

২

নিউজ ডেস্কঃ সঞ্চয়পত্র গ্রাহকদের জন্য চালু হয়েছে জাতীয় সঞ্চয় ...

image

রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বা...

৩

নিউজ ডেস্কঃ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার ...

image

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের পঞ্চম সভা আজ

৪

নিজস্ব ডেস্ক : গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্...

image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

৫

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

  • company_logo