নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা রক্ষা এবং কওমি মাদ্রাসার উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী। তিনি বলেছেন, আলেম সমাজ মানুষের হেদায়েতের আলো এবং সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর। তাঁদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সরকার শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে চায়।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্মমন্ত্রী বলেন, আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা রক্ষা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং মসজিদ-মাদ্রাসার সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জনগণের আমানত রক্ষা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আলেম সমাজের পরামর্শ ও দোয়া প্রয়োজন।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানির ব্যবস্থা চালু করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচির আওতায় একজন ইমাম মাসে পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিন তিন হাজার টাকা এবং খাদেম দুই হাজার টাকা করে পাবেন। এ ছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেককে এক হাজার টাকা করে সম্মানী দেওয়া হবে। মসজিদ খাতে চলতি অর্থবছরে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। পর্যায়ক্রমে আরও বেশি মসজিদকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। ২০২৩ সালে হজের বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার টাকা থাকলেও বর্তমানে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ঐতিহাসিক অবদান তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ১৯৫৬ সালে দারুল উলুম দেওবন্দের শিক্ষাধারার ভিত্তিতে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং দেওবন্দি শিক্ষাধারা ও ইসলামী মূল্যবোধ চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর অবদান স্মরণ করে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন ও শরিয়তের খেদমতকে জীবনের ব্রত হিসেবে নিয়ে তিনি এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী হাফিজ্জী হুজুর (রহ.), মাওলানা হেদায়েতুল্লাহ (রহ.), মাওলানা ফজলুর রহমান (রহ.), মাওলানা ইসমাইল (রহ.), মাওলানা আব্দুল আজিজ (রহ.), মাওলানা আতহার রহমান (রহ.) এবং আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর অবদানের কথাও তুলে ধরেন তিনি।
জামিয়ার বর্তমান মুহতামিম মাওলানা মো. আব্দুল কুদ্দুসের দীর্ঘদিনের দায়িত্ব পালনের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, চার দশকেরও বেশি সময় ধরে তিনি নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠানটির তত্ত্বাবধান ও দ্বীনি খেদমত করে যাচ্ছেন।
বক্তব্যে বিএনপির ভূমিকা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে ইসলামী শিক্ষাব্যবস্থার বিকাশ, কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
ধর্মমন্ত্রী নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জানান, সম্প্রতি তাঁর হিপ রিপ্লেসমেন্ট হয়েছে। সুস্থ হয়ে আলেম-ওলামা ও দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত অব্যাহত রাখতে তিনি সবার কাছে দোয়া চান।
সম্মেলনের সাফল্য কামনা করে ধর্মমন্ত্রী বলেন, জামিয়া ফরিদাবাদসহ দেশের সব কওমি মাদ্রাসা যেন কেয়ামত পর্যন্ত ইসলামী জ্ঞানচর্চার সুদৃঢ় দুর্গ হিসেবে টিকে থাকে। এ প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত আলেমরা বিশ্বব্যাপী ইসলাম ও সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেবেন বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য (০)