• তথ্য ও প্রযুক্তি

ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার বের করা যাবে সহজেই

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও সার্কিট বোর্ডে থাকা স্বর্ণ উদ্ধার করার নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন গবেষকেরা। বিষাক্ত রাসায়নিক ব্যবহার ছাড়াই ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ আলাদা করতে সক্ষম এই প্রযুক্তি। দুবাইয়ে আয়োজিত এক প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতক সম্পন্ন করা তরুণদের উদ্ভাবিত প্রকল্পগুলোর মধ্যে এটি বিশেষভাবে নজর কেড়েছে।

দুবাই ফিউচার উইকের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও তরুণ স্নাতকদের তৈরি ১০০টি প্রকল্প প্রদর্শন করা হয়েছে। স্বাস্থ্য, জ্বালানি, সম্পদ ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা এবং নগরজীবনের ভবিষ্যৎ নিয়ে এসব প্রকল্প তৈরি করা হয়েছে। এর মধ্যে পুরোনো ইলেকট্রনিক যন্ত্র থেকে স্বর্ণ আহরণের প্রযুক্তি, গর্ভাবস্থার হরমোনের মাত্রা পরিমাপের পরীক্ষা এবং প্রচণ্ড গরমে কর্মীদের শরীর ঠান্ডা রাখার পরিধানযোগ্য যন্ত্র উল্লেখযোগ্য।

ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ আহরণ

বিশ্বজুড়ে পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও সার্কিট বোর্ডের বর্জ্য জমছে। এসব যন্ত্রের ভেতরে থাকা স্বর্ণ পুনরুদ্ধার করা সম্ভব হলেও প্রচলিত পদ্ধতিতে সায়ানাইড ও পারদের মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করতে হয়। কোনো কোনো পদ্ধতিতে বিপুল পরিমাণ জ্বালানিও প্রয়োজন হয়।

এই সমস্যা সমাধানে প্রায় দুই বছর ধরে কাজ করছেন খলিফা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক ড. নাজাত আলদাক্কা। তার নেতৃত্বাধীন দল বিশেষ ধরনের ছিদ্রযুক্ত দ্বিমাত্রিক উপাদান তৈরি করেছে, যা ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াজাত করার পর পাওয়া তরল থেকে বেছে বেছে স্বর্ণ সংগ্রহ করতে পারে।

ড. নাজাত বলেন, তাদের উদ্ভাবিত উপাদানটি ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ আলাদা করতে সক্ষম। বিশেষ যন্ত্রের সাহায্যে এই প্রক্রিয়া আরও দ্রুত করা সম্ভব। এতে মাত্র এক ঘণ্টার মধ্যে তরল থেকে প্রায় ৯৯ শতাংশ স্বর্ণ সংগ্রহ করা যায়।

তিনি জানান, এক ঘণ্টায় ৫ দশমিক ২ গ্রাম স্বর্ণ পুনরুদ্ধার করতে পেরেছেন তারা। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা প্রায় ২১ ক্যারেট। প্রতি গ্রাম স্বর্ণ পুনরুদ্ধারে এক কিলোওয়াট-ঘণ্টা শক্তি প্রয়োজন হয়।

‘রিগোল্ড’ নামের এই প্রযুক্তিতে প্রচলিত পদ্ধতির মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করতে হয় না। পরীক্ষায় দেখা গেছে, অন্যান্য ধাতুর তুলনায় স্বর্ণ সংগ্রহে প্রযুক্তিটি এক হাজার গুণেরও বেশি নির্বাচনি সক্ষমতা দেখিয়েছে। উদ্ধার করা স্বর্ণ উচ্চমূল্যের ইলেকট্রনিক পণ্য তৈরিতে আবার ব্যবহার করা সম্ভব। এতে নতুন করে স্বর্ণ খননের প্রয়োজনও কমবে।

প্রযুক্তিটি গবেষণাগার থেকে শিল্পপর্যায়ে নিয়ে যেতে এখন একজন শিল্প অংশীদার খুঁজছেন ড. নাজাত ও তার দল। এ বিষয়ে তিনি বলেন, পণ্যটির শিল্পায়ন ও বাণিজ্যিক উৎপাদনের জন্য বর্তমানে তারা উপযুক্ত অংশীদারের সন্ধান করছেন।

গর্ভাবস্থায় হরমোনের মাত্রা জানাবে পরীক্ষা

সাধারণত বাড়িতে ব্যবহারের গর্ভধারণ পরীক্ষা শুধু গর্ভধারণ হয়েছে কি না, তা জানায়। কিন্তু অনেক স্বাস্থ্যগত ক্ষেত্রে শুধু ইতিবাচক বা নেতিবাচক ফল যথেষ্ট নয়। রক্তে নির্দিষ্ট হরমোন বা উপাদানের পরিমাণ কত এবং তা বাড়ছে নাকি কমছে, সেটিও জানা জরুরি।

এমন ধারণা থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা তৈরি করেছেন ‘ডেলা ডিএক্স’ নামের একটি পরীক্ষা পদ্ধতি। প্রকল্পটির মুখপাত্র আলেকজান্দ্রা প্যাটারসন বলেন, চিকিৎসকেরা অনেক সময় রক্তে কোনো উপাদানের উপস্থিতি আছে কি না, শুধু তা জানতে চান না; বরং সেটির সুনির্দিষ্ট পরিমাণও জানতে চান।

এই পরীক্ষায় জীবন্ত কোষের বাইরে কার্যকর জৈবিক ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট প্রোটিন শনাক্ত করার জন্য ব্যবস্থাটিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়। লক্ষ্যবস্তু প্রোটিন শনাক্ত হলে পরীক্ষায় রঙের পরিবর্তন ঘটে, যা ওই উপাদানের পরিমাণ নির্দেশ করে। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রায় চার সপ্তাহের মধ্যে বিভিন্ন উপাদান শনাক্ত করার উপযোগী করে পরিবর্তন আনা যায়।

গবেষক দলটির প্রথম লক্ষ্য নারীদের স্বাস্থ্য, বিশেষ করে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়। প্যাটারসন বলেন, প্রতি পাঁচজন নারীর একজন গর্ভপাতের অভিজ্ঞতার মুখোমুখি হন। এসব গর্ভপাতের ৮০ শতাংশই ঘটে গর্ভাবস্থার প্রথম তিন মাসে। অথচ এ সময়ে অনেক নারী চিকিৎসকের কাছে মাত্র এক বা দুইবার যাওয়ার সুযোগ পান।

প্রাথমিক পর্যায়ে পরীক্ষাটি গর্ভাবস্থার হরমোন এইচসিজির মাত্রা পর্যবেক্ষণ করবে। সুস্থ গর্ভাবস্থায় সাধারণত প্রতি ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই হরমোনের মাত্রা দ্বিগুণ হয়।

প্রায় ১২ বছরের গবেষণার ফল এই প্রকল্প। এ নিয়ে চারটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং চারটি পেটেন্টও রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী পাঁচ বছরের মধ্যে বাজারে পণ্যটি আনার আশা করছেন গবেষকেরা। প্যাটারসন বলেন, অনেক নারীই এ ধরনের পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। এটি একটি বৈশ্বিক সমস্যা এবং অনেকেই জানতে চাইছেন, পণ্যটি কবে বাজারে পাওয়া যাবে।

প্রচণ্ড গরমে কর্মীদের শরীর ঠান্ডা রাখবে কলার

বাইরে কিংবা কারখানায় কাজ করা মানুষের জন্য প্রচণ্ড গরম শুধু অস্বস্তিকর নয়, বরং স্বাস্থ্যঝুঁকিরও কারণ। এ সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তৈরি করেছেন ‘মেক্সার ভ্যাপার’ নামের একটি সক্রিয় শীতলীকরণ যন্ত্র।

গলায় পরার উপযোগী এই যন্ত্রটি ত্বকের তাপমাত্রা কমিয়ে শারীরিক পরিশ্রমের সময় শরীরের ওপর অতিরিক্ত তাপের চাপ কমাতে সহায়তা করে।

এর সঙ্গে যুক্ত রয়েছে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা, যা তাৎক্ষণিকভাবে নিরাপত্তাসংক্রান্ত সতর্কবার্তা দিতে পারে। এর মাধ্যমে নিয়োগকর্তারাও কর্মীদের তাপের সংস্পর্শে থাকার মাত্রা পর্যবেক্ষণ করতে পারবেন।

প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে নির্মাণশ্রমিকদের ওপর যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। গবেষকদের আশা, এটি ব্যবহার করলে অতিরিক্ত গরমজনিত অসুস্থতার ঝুঁকি কমবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।

মন্তব্য (০)





  • company_logo