• লিড নিউজ
  • জাতীয়

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ৭ স্থানে অবরোধ, থানা-সড়কে ধ্বংসযজ্ঞের চিহ্ন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরও স্বাভাবিক হয়নি গোপালগঞ্জের পরিস্থিতি। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ চলছে। সড়কের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি ও পোড়া গাড়ির ধ্বংসাবশেষ। এতে টুঙ্গিপাড়ার সঙ্গে আশপাশের এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে, থানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি, আসবাব ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ।
‎
‎পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। তবে সহিংসতার রেশ কাটেনি। আজও (বুধবার, ১৮ নভেম্বর) বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অবরোধ ও সমাবেশ করতে দেখা গেছে।
‎
‎গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া অবরোধ বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত অব্যাহত রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করছেন।
‎
‎সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফা বাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ দেখা যায়। এতে সড়কটিতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
‎
‎নীলফা বাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাসের মতো যানবাহন চলাচলে বাধা দেয়া হচ্ছে। তবে স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেয়া হচ্ছে।
‎
‎শহরের চৌরঙ্গী ও নীলফা বাজার মোড়ে অবরোধের পাশাপাশি মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচার করতে দেখা গেছে। এদিকে অবরোধের মধ্যে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
‎
‎গাছের গুঁড়িতে আটকে টুঙ্গিপাড়ার যোগাযোগ
‎
‎বুধবার সকাল থেকে গোপালগঞ্জ জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখার চিত্র দেখা গেছে। সকাল আটটার দিকে সরেজমিনে ঘোনাপাড়া মোড় পেরিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে বড় বড় গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
‎
‎কিছুদূর এগিয়ে নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কে পড়ে থাকতে দেখা যায় বিজিবির পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ। সড়কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল গাড়ির পোড়া অংশ। কিমাডাঙ্গা মোড় এলাকায় প্রায় ৫০০ মিটার সড়কজুড়েও গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে।
‎
‎অন্যদিকে, নীলফা বাজার মোড় থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা গেছে। এতে টুঙ্গিপাড়ার সঙ্গে আশপাশের এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
‎
‎স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যা থেকেই গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিজিবির সাঁজোয়া যানসহ একটি বহর টুঙ্গিপাড়ার দিকে যাওয়ার চেষ্টা করলেও বাধার মুখে পৌঁছাতে পারেনি। এসময় বিজিবির চারটি গাড়িতে আগুন দেয়া হয় বলে দাবি করেন তারা।
‎
‎বুধবার সকাল ৯টার দিকেও নীলফা বাজার এলাকায় পোড়া গাড়িগুলোতে আগুন জ্বলতে দেখা যায়। পরে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
‎
‎টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় জনসমাগমও ছিল কম। সিঙ্গিপাড়ার এক ভ্যানচালক বলেন, ‘রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে। আমরা বসে আছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের উপার্জন বন্ধ।’
‎
‎যোগাযোগ করা হলে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বলেন, ‘আমরা জানতে পেরেছি, নীলফা বাজার থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত পুরো সড়ক গাছের গুঁড়ি ফেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে টুঙ্গিপাড়া উপজেলায় এখন শান্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা কেউ বাইরে যাচ্ছি না।’
‎
‎ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা
‎
‎মঙ্গলবার সন্ধ্যায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর টুঙ্গিপাড়া থানার ভেতরে ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট। বুধবার সকালে থানায় গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন কক্ষ ও আঙিনায় ছড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি, আসবাব ও প্রয়োজনীয় সরঞ্জামের অংশবিশেষ।
‎
‎থানার প্রবেশপথের বাঁ পাশে পুলিশের একটি গাড়ি পুড়ে পড়ে ছিল। গাড়িটির পোড়া অংশ থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। পাশে পড়ে ছিল আরেকটি ভ্যানের সামনের অংশ। থানা ভবনের পাশে ও গ্যারেজেও কয়েকটি গাড়ির পোড়া ধ্বংসাবশেষ দেখা যায়।
‎
‎থানার কর্মকর্তাদের কক্ষগুলোতেও আগুন ও ভাঙচুরের চিহ্ন রয়েছে। আগুনে পুড়ে নষ্ট হয়েছে আসবাব ও বিভিন্ন সরঞ্জাম। একটি কক্ষে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো অবশিষ্ট ছিল। পুড়ে গেছে একটি রেফ্রিজারেটর। মেঝেতে ছড়িয়ে ছিল ছাই ও পলেস্তারা।
‎
‎ডিউটি অফিসারের কক্ষে টেবিলের ওপর কাচের টুকরা এবং পাশে একটি ভাঙা ডেস্কটপ কম্পিউটার পড়ে থাকতে দেখা যায়। হাজতখানার দুটি কক্ষের তালা ভাঙা ছিল, দরজাও খোলা। ওসির কক্ষের পাশের উপপরিদর্শকদের কক্ষেও ভাঙচুরের চিহ্ন স্পষ্ট।
‎
‎দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল পোশাক, তোশক ও কম্বল। সেখানে দুজন উপপরিদর্শককে (এসআই) অবশিষ্ট মালামাল খুঁজতে দেখা যায়। নিচতলাতেও কয়েকজন পুলিশ সদস্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছিলেন।
‎
‎এদিকে, থানার দক্ষিণ পাশে পুলিশ মেসের সামনে ১০ থেকে ১৫টি ব্যাটারিচালিত ভ্যানে পুলিশ সদস্যদের মালপত্র নিয়ে যেতে দেখা যায়। তাদের সঙ্গে ছিল ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র।
‎
‎নতুন ওসি যোগ দেয়ার পর হামলার সূত্রপাত
‎

‎স্থানীয় সূত্রের দাবি, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগ দেয়ার পরপরই এক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকটি মসজিদে মাইকিং করা হয়। পরে স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন।
‎
‎একপর্যায়ে তারা থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেন। স্থানীয় সূত্রের দাবি, এ সময় থানার ভেতরে থাকা পুলিশের ৯টি গাড়িতে আগুন দেয়া হয়।
‎
‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে হামলা ও অগ্নিসংযোগের পর থানার ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
‎
‎নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি
‎
‎টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেয়ার ঘটনার পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
‎
‎বুধবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন।
‎
‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল কাজ করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্রও পর্যবেক্ষণ করা হচ্ছে।
‎
‎এদিকে, বুধবার সকালেও চৌরঙ্গী বাসস্ট্যান্ড মোড়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমাবেশ করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সেখানে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছিলো।

মন্তব্য (০)





  • company_logo