• রাজনীতি

হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  নারায়ণগঞ্জের বন্দরে ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। তবে তার আগমন যেকোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দিয়েছেন স্থানীয় হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থি আলেম-ওলামা ও বিএনপির নেতারা। বিরোধিতার মুখে ফেসবুকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমির হামজা জানিয়েছেন, সব বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নারায়ণগঞ্জের বন্দরে যাওয়ার কথা জানান তিনি।

পোস্টে আমির হামজা লেখেন, ‘প্রিয় নারায়ণগঞ্জ, আমি আসছি বন্দর থানার ২৫ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক ফুটবল মাঠে। সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। দেখা হবে, কথা হবে, ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র ও বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। ইনশাআল্লাহ।’

সোমবার বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা।

তবে তাকে ঘিরে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। একদিকে মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে, অন্যদিকে আমির হামজার আগমন ঠেকাতে অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থি আলেম-ওলামা ও স্থানীয় বিএনপির নেতারা। এ নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় আমির হামজার আগমন প্রতিহতের বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে যেকোনো মূল্যে তার আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, তারা মাহফিলের বিপক্ষে নন; বরং সুন্দরভাবে মাহফিল আয়োজনের পক্ষে। তবে কোনো বিতর্কিত বক্তাকে তারা মেনে নেবেন না।

তিনি বলেন, ‘প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে। এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। তিনি বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দেবেন। এ জন্য এলাকার শান্তি বিনষ্ট হোক, এটা আমরা হতে দিতে পারি না।’

হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন অভিযোগ করেন, মাহফিলের অতিথি হিসেবে পোস্টারে যাদের নাম ছাপা হয়েছে, তাদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। তিনি বলেন, ‘না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা জহিরুল ইসলাম বলেন, মুফতি আমির হামজা একজন বিতর্কিত বক্তা। চরমোনাই পীরকে নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেছেন। বন্দরে তাকে আসতে দেওয়া হবে না, তারা প্রতিহত করবেন।

স্থানীয় বিএনপির সভাপতি মো. ফারুক বলেন, লক্ষণখোলা মাঠে আমির হামজার আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আয়োজকরা অনেক বিশিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়াই পোস্টারে তাদের নাম ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, আয়োজক কমিটির পক্ষে মাওলানা আবু আবদুল্লাহ জানান, স্থানীয় পুলিশ ও প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিলের আয়োজন করা হচ্ছে। এতে শান্তি বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, এ বিষয়ে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যারা মাহফিলের বিরোধিতা করছেন, তারা হয়তো কোনো রাজনৈতিক চাপের কারণে এমন করছেন।

মন্তব্য (০)





  • company_logo