• লিড নিউজ
  • জাতীয়

পানি সংকট মোকাবিলায় বরেন্দ্র অঞ্চলে ৭শ কিলোমিটার খাল ও ৬শ পুকুর পুনঃখননের উদ্যোগ সরকারের ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় ৭শ কিলোমিটার খাল এবং ৬শ পুকুর পুনঃখনন করার উদ্যোগ নিয়েছে সরকার।
‎
‎ইতোমধ্যে প্রায় ১৪৩ কিলোমিটার খাল ও ২৫০টি পুকুর পুনরায় খনন করা হয়েছে। এর ফলে কৃষকসহ সাধারণ মানুষের মুখে ফুটেছে হাসি, বেড়েছে কৃষি ফলনের হার।
‎
‎অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্ত্বশাসিত আর্থিক প্রতিষ্ঠান ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’ (পিকেএসএফ) তাদের ১৮টি সহযোগী সংস্থার মাধ্যমে ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’-এর অর্থায়নে এ সব খাল ও পুকুর খননের কাজ করছে। ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় ৩ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পটি রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের খরাপ্রবণ এলাকায় কাজ শুরু করেছে।
‎
‎যার লক্ষ্য হলো তীব্র পানির সংকট মোকাবিলা করা, কৃষিতে সেচের ব্যবস্থা করা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা জোরদার করা। ২০২৮ সাল পর্যন্ত এ প্রকল্পের কাজ চলবে।
‎
‎এ প্রকল্পের অধীনে ২ হাজার ৫শ টি বাড়ির ছাদে এবং ৪০টি পুকুরে ম্যানেজস এ্যাকুয়ার রিচার্জ (এমএআর) বা নিয়ন্ত্রিত জলস্তর পুনর্ভরণ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
‎
‎ইতোমধ্যে ১ হাজার ৬শ টি বাড়ির ছাদে ‘এমএআর’ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। প্রকল্পটির কাজ শেষ হলে প্রায় ২ লাখ ১৫ হাজার মানুষ সারা বছর ধরে ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ জল ব্যবহারের টেকসই সুযোগ পাবেন বলে প্রকল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
‎
‎‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের কো-অর্ডিনেটর ফজলে হোসাইন বলেন, এই প্রকল্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল উত্তোলনের পরিমাণ কমানো, ব্যবহৃত জল (গ্রে-ওয়াটার) পুনরায় কাজে লাগানো, বৃষ্টির জল দিয়ে ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণ করা এবং ভূপৃষ্ঠ দিয়ে প্রবাহিত জলকে ফসল সেচের কাজে পুনরায় ব্যবহার করা হচ্ছে।
‎
‎এসব খালগুলো গড়ে ১৫ ফুট পর্যন্ত পর্যন্ত গভীর করে খনন করা হচ্ছে। এর ফলে অন্তত আগামী ১৫ বছর কৃষকরা এর সুবিধা পেতে থাকবে।
‎
‎তিনি জানান, প্রকল্পের কাজের অগ্রগতির ফলে বরেন্দ্র অঞ্চলজুড়ে নানাভাবে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এক সময়ের শুকনো মরা খালে আবারও পানি জমছে। সেচের খরচ কমেছে। কীভাবে বেশি ধান ফলানো যায় তাও শিখছেন কৃষকরা।
‎
‎গ্রামীণ পুকুর ও খালগুলো কালক্রমে পলি, আগাছা ও গাছপালার নিচে চাপা পড়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল। বর্তমানে পুনরায় খননের মাধ্যমে এগুলোর কিছু কিছুকে আবার সজীব করে তোলা হচ্ছে, যা সেচ ও গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য পানির নতুন উৎস তৈরি করছে।
‎
‎পিকেএসএফ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, বরেন্দ্র অঞ্চলের অনেক আবাসিক বাড়ি এবং স্কুল-কলেজ, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ভবনের বড় ছাদগুলো বৃষ্টির জল সংগ্রহ করে তা ভূগর্ভস্থ স্তরে পৌঁছে দেয়ার জন্য অত্যন্ত উপযোগী মাধ্যম হিসেবে কাজ করছে।
‎
‎চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর সরকারি এ.বি. উচ্চ বিদ্যালয় তাদের ৩ হাজার ৮শ ৬০ বর্গমিটার ছাদ ব্যবহার করে বৃষ্টির পানি সংগ্রহ করছে এবং তা পুনরায় ভূগর্ভে পৌঁছে দিচ্ছে।
‎
‎প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা সামিউল হক টুটুল বলেন, চাঁপাইনবাবগঞ্জের অনেক সচ্ছল কৃষকও সেচের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে চিন্তিত ছিলেন। ধানের জমিতে সেচ দেয়া ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছিল। সেচের প্রতিটি মৌসুমেই এটা কৃষকের কাছে বোঝা হয়ে দেখা দেয়। তবে এখন পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করেছে।
‎
‎একসময় পলি ও আগাছায় ঢাকা পড়ে যাওয়া খালগুলোতে এখন পানি থাকে, যা কৃষকরা তাদের ফসলে সেচ দেয়ার কাজে ব্যবহার করতে পারেন। সেচ বাবদ খরচও কমেছে।
‎
‎খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে এ ধরনের কষ্ট খুবই পরিচিত। বৃষ্টিপাত ক্রমশ অনিয়মিত হয়ে পড়েছে, দীর্ঘস্থায়ী হচ্ছে শুষ্ক মৌসুম, আর ভূগর্ভস্থ পানির মজুতের ওপর বাড়ছে চাপ। কৃষকদের কাছে পানির প্রতিটি ফোঁটা অত্যন্ত মূল্যবান।
‎
‎প্রজেক্টের কর্মকর্তারা কৃষকদেরকে জমিতে সবসময় পানি জমিয়ে না রেখে, পানি শুকিয়ে যেতে দেয়া এবং প্রয়োজন হলেই সেচ দেয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এতে পানির অপচয় কম হয়। কৃষকরা তাদের জমিতে ছোট ছিদ্রযুক্ত একটি পিভিসি পাইপ বসিয়ে মাটির নিচের পানির স্তর পর্যবেক্ষণ করা যায়।
‎
‎এতে পানির ব্যবহার ২০ থেকে ৩০ শতাংশ কমাতে পেরেছেন, ফসলের ফলন কমার পরিবর্তে বরং বেড়েছে। পিকেএসএফ এর বরাত দিয়ে সাইদ হোসেন নামে এক কৃষক বলেন, গত বছর একই জমি থেকে ১৮০ মণ ধান পেয়েছিলাম, আর এ বছর পেয়েছি প্রায় ২০০ মণ।
‎
‎তিনি আরও জানান যে, সেচ বাবদ তার খরচ প্রায় ৩০ শতাংশ কমে গেছে।
‎
‎পিকেএসএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে পুনরায় খনন করা ‘জোলাহার খাল’ এবং নওগাঁর কয়েকটি পুকুরে একসময় পলি জমে থাকতো, এখন পানি থাকে, যা পার্শ্ববর্তী কৃষিজমিতে সেচের কাজে ব্যবহৃত হয়।
‎
‎পুরানো খাল ও পুকুরে পানির ফিরে আসাটা এই অঞ্চলের ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ মাত্র।
‎
‎প্রকল্পের কো-অর্ডিনেটর ফজলে হোসাইন আরও জানান, ‘ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ’ (এমএআর) বা ভূগর্ভস্থ জলস্তর কৃত্রিমভাবে পুনর্ভরণ পদ্ধতিতে বৃষ্টির পানি বা অতিরিক্ত ভূপৃষ্ঠস্থ পানি সংগ্রহ ও পরিশোধন করে ভূগর্ভস্থ স্তরে পাঠিয়ে দেয়া হয়, যা শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য ভূগর্ভস্থ জলভাণ্ডারকে পুনরায় পূর্ণ করতে সাহায্য করে। এটি হলো পানি সহজলভ্য থাকার সময়ে তা মাটির নিচে সংরক্ষণ করে রাখা এবং পানির সংকট দেখা দিলে সেই সংরক্ষিত পানি ব্যবহার করার একটি উপায়।
‎
‎তিনি জানান, পিকেএসএফ এ প্রকল্পের আওতায় তিনটি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো অঞ্চলের সবুজ আচ্ছাদন পুনরুদ্ধারে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা।
‎
‎শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধি ও কাঠ উৎপাদনকারী গাছের প্রায় ১০ লাখ চারা বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে নিম, জলপাই, অর্জুন, বেল, আমড়া, সফেদা, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ। এখন পর্যন্ত প্রায় ২ লাখ চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এছাড়া প্রতিটি শিক্ষার্থী পাঁচটি করে চারা পাবে এবং সেগুলো বড় করে তোলার দায়িত্ব তারাই নেবে।

মন্তব্য (০)





image

গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে নতুন উদ্য...

১

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ছাত্র-জনতার আন্দো...

image

‎ড্রোন ও দ্রুতগতির জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস...

২

‎নিউজ ডেস্কঃ সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জ...

image

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

৩

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হো...

image

‎নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্...

৪

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স...

image

‎বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হ...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেস...

  • company_logo