• খেলাধুলা

সাকিবের সামনে নতুন চ্যালেঞ্জ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক ২০২৪ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে। বিদেশে বিভিন্ন লিগে খেলে সময় পারছেন দেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার।

একের পর এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে ব্যস্ত রাখছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এবার তাকে দেখা যাবে ক্রিকেটের ব্যতিক্রমী এক সংস্করণে। কেনিয়ার রাজধানী নাইরোবিতে সাকিবকে দেখা যাবে ৯০ বলের টুর্নামেন্টে অংশ নিতে।

আসন্ন সুপার নাইন্টি ক্রিকেটের চতুর্থ আসরের জন্য সাকিবকে প্রি-সাইন করেছে লন্ডন জায়ান্টস। আয়োজকদের সামাজিক যোগাযোগমাধ্যমের ঘোষণায় নিশ্চিত হয়েছে বিষয়টি। দলটির পোস্টে সাকিবকে একজন তারকা সংযোজন হিসেবে উল্লেখ করে নতুন মৌসুমে নিজেদের শক্তির জানান দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আগামী ৩ ডিসেম্বর নাইরোবির জিমখানা স্টেডিয়ামে পর্দা উঠবে সুপার নাইন্টির। ১০ দিনের এই ক্রিকেটযজ্ঞ চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ছয়টি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মোট ১৮টি ম্যাচ। এবারের আসর দিয়ে প্রথমবারের মতো কেনিয়ার মাটিতে গড়াচ্ছে প্রতিযোগিতাটি। 

সাকিবের নতুন এই গন্তব্যের সবচেয়ে বড় আকর্ষণ টুর্নামেন্টের ফরম্যাট। নামের সঙ্গে মিল রেখেই এখানে প্রতি ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ থাকবে ৯০ বল। প্রচলিত টি-টোয়েন্টির ২০ ওভারের বদলে ম্যাচ সীমাবদ্ধ থাকবে ১৫ ওভারে। ফলে ব্যাটারদের দ্রুত রান তোলার তাগিদ যেমন থাকবে তেমনি বোলারদেরও কম সময়ে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল নিতে হবে। অলরাউন্ডার হিসেবে সাকিবের জন্য এই ফরম্যাট হতে পারে নতুন এক পরীক্ষার মঞ্চ!

বিশ্বের ১৪টি দেশের ক্রিকেটারদের নিয়ে সাজানো হচ্ছে এবারের আসরের ড্রাফট পুল। বাংলাদেশ ছাড়াও থাকছেন ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা জিম্বাবুয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা। ক্যারিবীয় অঞ্চলের চারটি দেশের খেলোয়াড়দেরও দেখা যাবে এই প্রতিযোগিতায়।

সাম্প্রতিক সময়ে সাকিবের ব্যস্ততার তালিকাটাও বেশ দীর্ঘ। সর্বশেষ নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। তিন ম্যাচে ব্যাট হাতে করেছেন ২৬ রান। বল হাতে নিয়েছেন চার উইকেট। এরপরই তার ঠিকানা হয়েছে আবুধাবি টি-টেন লিগের ইউনাইটেড টাইগার্স। ৭ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

সুপার নাইন্টিতে সাকিবের অংশগ্রহণে নতুনত্ব থাকছে ফরম্যাটে। ৯০ বলের ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ের সমন্বয় করার চ্যালেঞ্জটাও থাকছে এই তারকা অলরাউন্ডারের।

মন্তব্য (০)





  • company_logo