• লিড নিউজ
  • জাতীয়

‎প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে : হুমায়ুন কবীর ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
‎
‎তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর দেশটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ বেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন জাপানের কাছে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে।
‎
‎বুধবার রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‎
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং দেশের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগ জাপানের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে গতকাল অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকেও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও উন্নয়ন প্রচেষ্টার প্রতি জাপানের সমর্থনের বিষয়টি উঠে এসেছে।
‎
‎তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় উন্নয়ন প্রচেষ্টায় তাঁর সরকারের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশের সম্পর্ককে কেবল ঐতিহ্যগত বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে কৌশলগত অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দিয়েছে।
‎
‎হুমায়ুন কবীর বলেন, প্রধানমন্ত্রীর সফরে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি সহযোগিতা দলিল স্বাক্ষর এবং দুটি ইয়েন ঋণ প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‎
‎তিনি জানান, সরকারি পর্যায়ের উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেও বাংলাদেশের প্রতি জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সফরকালে বিভিন্ন খাতে প্রায় ৬০০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে আগ্রহের কথা উঠে এসেছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় এসেছে।
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, কর প্রণোদনা প্রদান, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
‎
‎তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক সম্ভাবনা এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
‎
‎এ ছাড়া প্রধানমন্ত্রী জাপানি পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর সদর দপ্তর পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
‎
‎বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, উৎপাদন সক্ষমতা এবং ব্যবসাবান্ধব পরিবেশের সম্ভাবনা তুলে ধরে তিনি জাপানি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের উন্নয়নযাত্রার অংশীদার হতে অনুরোধ জানান।
‎
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) উদ্যোগে আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামেও প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারত্ব সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, দক্ষ জনশক্তি এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা জাপানি ব্যবসায়ীদের সামনে তুলে ধরা হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, বাংলাদেশের সড়ক, রেলওয়ে ও অন্যান্য অবকাঠামো খাতে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে। জাপানি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।
‎
‎হুমায়ুন কবীর বলেন, দুই দেশের যৌথ বিবৃতিতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এই সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন এবং জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারের বিষয়টিই প্রাধান্য পেয়েছে।
‎
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রত্যাশা রেখে বলেন, আমরা আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
‎
‎সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo