ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে পৃথক সমস্যা হিসেবে বিবেচনা করলে কার্যকর সমাধান সম্ভব নয়। মানুষ, প্রাণী, উদ্ভিদ ও বাস্তুতন্ত্রকে সমন্বিতভাবে বিবেচনা করে ‘ওয়ান হেলথ’ ভিত্তিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে শুরু হওয়া ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বিষয়ক বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ ও নিম্নভূমির গঙ্গা বদ্বীপে অবস্থিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস এবং পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। একই ভূদৃশ্যে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা ঘনিষ্ঠভাবে যুক্ত থাকায় এক খাতের সংকট দ্রুত অন্য খাতে প্রভাব ফেলে।
তিনি জানান, প্রায় দুই দশক ধরে বাংলাদেশ ‘ওয়ান হেলথ’কে শুধু ধারণা নয়, বরং বাস্তব শাসনব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত কাঠামো গড়ে তুলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়, তথ্য বিনিময়, জবাবদিহি নিশ্চিত করা এবং জেলা ও তৃণমূল পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। যৌথ পরিকল্পনা, সম্পদের কার্যকর ব্যবহার এবং প্রস্তাবিত ওয়ান হেলথ তথ্যকেন্দ্র দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ সম্মেলনের আগে রোমের এ বৈশ্বিক সম্মেলনকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, এখানকার আলোচনার অভিজ্ঞতা জলবায়ু ও পরিবেশগত স্বাস্থ্য বিষয়ে আরও সমন্বিত বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হবে।
উদ্বোধনী অধিবেশনে এফএওর মহাপরিচালক দংইউ ছু, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলাঁ, তানজানিয়ার প্রধানমন্ত্রী ড. মুইগুলু এনচেম্বা, সার্বিয়ার প্রধানমন্ত্রী জুরো ম্যাকুতসহ বিভিন্ন দেশের মন্ত্রী, উচ্চপর্যায়ের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের...
নিউজ ডেস্কঃ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্...
নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবে...
নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপ...
নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্...

মন্তব্য (০)