• শিক্ষা

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি)  নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭’-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর স্বাভাবিক অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটে—পর্যন্ত এ নিয়োগের মেয়াদ কার্যকর থাকবে।

শর্ত অনুযায়ী, নতুন কোষাধ্যক্ষ তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব তিনি পালন করবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগের আদেশ বাতিল করতে পারবেন।

মন্তব্য (০)





  • company_logo