নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের গলার কাঁটা রেলগেটের উচু-নিচু রেলের রাস্তায় প্রতিনিয়তই ঘটতো নানা দুর্ঘটনা। এক বছরের বেশি সময় পার হলেও বরাদ্দ ও সামর্থ নেই এমন নানা অজুহাতে সময় পার করতো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে প্রতিদিনই দুর্ঘটনায় পড়ে অসুস্থ্য হয়ে পড়তেন পথচারীরা। রেলের মাঝের উচু-নিচু রাস্তাটি নতুন করে মেরামত করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেও কোন লাভ হয়নি। এই বিষয়ে গত বছরের নভেম্বর মাসে স্থানীয় গণমাধ্যমকর্মীরা একাধিকবার সংবাদও প্রকাশ করে।
কিন্তু তবুও রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তেমন কোন ভালো উদ্যোগ গ্রহণ না করার কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধে এবং পথচারীদের চরম দুর্ভোগের হাত থেকে মুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসার নিজ উদ্যোগে রেল বিভাগ, সড়ক বিভাগ ও এলজিইডির সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করেন। তার ফলশ্রুতিতে গত রবিবার ও সোমবার এই দুইদিনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেলগেটের মাঝের এবড়ো-থেবড়ো উচু-নিচু অংশ এবং দুই পাশের উচু-নিচু সংযোগ সড়কটি নতুন করে পাঁকাকরণ কাজ সম্পন্ন করেছেন ইউএনও। এতে করে স্থানীয় বাসিন্দাসহ হাজারও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় ভ্যানচালক মো: মেহেদী জানান প্রায় এক বছর আগে রেল সংস্কার করার সময় সড়কের পাঁকা অংশ তুলে ফেলে রেল কর্তৃপক্ষ। এরপর থেকে যে উচু-নিচু অংশের তৈরি হয়েছে তাতে প্রতিনিয়তই ছোট ছোট যানবাহন যাত্রীসহ উল্টে যেতো। আবার অনেক রোগীরা এই রেলগেট পার হওয়ার সময় উচু-নিচু অংশের ঝাকুনি খেয়ে আরো অসুস্থ্য হয়ে পড়তো। এছাড়া চলাচলকারী যানবাহনগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতি হতো। আবার অনেকে উল্টে পড়ে গিয়ে গুরুত্বর আহতও হতেন। সামান্য সড়কটুকু মরণ ফাঁদে পরিণত হয়েছিলো। অবশেষে ইউএনও স্যারের নিজস্ব উদ্যোগে খারাপ অংশটুকু নতুন করে পাঁকা করায় শত শত পথচারীরা নতুন করে জীবন ফিরে পেয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি অসংখ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষটি।
সান্তাহার রেলওয়ের উর্ধ্বতন উপসহকারি প্রকৌশলী (কার্য) মো: আব্দুর রহমান মুঠোফোনে জানান রাণীনগরের রেলগেটের উচু-নিচু অংশের নতুন করে পাঁকাকরণের সামর্থ বর্তমানে রেল কর্তৃপক্ষের না থাকায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সড়ক বিভাগ ও এলজিইডির সঙ্গে যোগাযোগ করে নতুন করে পাঁকাকরণের কাজটি সম্পন্ন করেছেন। এতে করে ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজারও পথচারীরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রক্ষা পেলেন।
নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদুল হক রাসেল জানান রেলগেটের উচু-নিচু অংশ মেরামত করতে ইউএনও মহোদয় বহুদিন আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু রেলগেট অংশটি রেল কর্তৃপক্ষের হওয়ায় সড়ক বিভাগ কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। যার কারণে সামান্য অংশটুকু পার হতে বহুদিন পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ওই কাজ সম্পন্ন করতে সম্প্রতি রেল কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে ইউএনও মহোদয়ের সার্বিক সহযোগিতা নিয়ে উচু-নিচু অংশটি নতুন করে পাঁকাকরণ করা হয়েছে। আগামীতে আরো মজবুত ও টেকসই করে পাঁকাকরণের কথা জানান এই কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সরু রেলগেটে ট্রেন যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়। তার উপর আবার রেল সংস্কার কাজের সময় সড়কের পাঁকা অংশ তুলে ফেলার কারণে পাহাড়ের মতো উচু-নিচু অংশের সৃষ্টি হয়েছিলো। যে অংশটুকু পারাপার হওয়া সত্যিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য ছিলো। এই বিষয়ে প্রতিদিনই বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা এসে অভিযোগ দিতেন। ভোগান্তির বিষয়টি একাধিকবার লিখিত ভাবে রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিলো। সম্প্রতি রেল কর্তৃপক্ষ অনুমতি দিলে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সার্বিক সহযোগিতায় স্থানীয় সরকার অধিদপ্তরের মাধ্যমে উচু-নিচু অংশটি আপাতত নতুন করে পাঁকাকরণের মাধ্যমে সমান করা হয়েছে। এতে করে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই কাজটি সম্পন্ন করতে রেল বিভাগ ও স্থানীয় বাসিন্দারা সার্বিক সহযোগিতা করেছে।
মন্তব্য (০)