• জাতীয়

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০০ বছর লাগবে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা এখনো উদ্বেগজনকভাবে উচ্চ পর্যায়ে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউএনএফপিএ-এর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অগ্রগতির বর্তমান গতি অব্যাহত থাকলে দেশ থেকে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে অন্তত ২০০ বছর সময় লাগে যেতে পারে।

ইউনিসেফের সাম্প্রতিক মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-এর তথ্য এবং অক্টোবরে ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথভাবে প্রকাশিত ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও এর ২০১৮ সালের বিধিমালা পর্যালোচনার ভিত্তিতে তিনি এসব মন্তব্য করেন।  

ব্রিন কামকং উল্লেখ করেন যে, বাংলাদেশে ১৫ থেকে ১৯ বছর বয়সি বিবাহিত কিশোরীদের হার বেড়েছে; এই বয়সি প্রতি ১০ জন মেয়ের মধ্যে প্রায় ৪ জনই ইতোমধ্যে বিবাহিত। তিনি জানান, দক্ষিণ এশিয়া এবং বিশ্বব্যাপী—উভয় ক্ষেত্রেই বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখনো অন্যতম।

তিনি ব্যাখ্যা করে বলেন, দারিদ্র্য ও বাল্যবিবাহের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার মতে, কোনো মেয়ের বয়স যত কম হয় এবং সে যত কম শিক্ষিত হয়, যৌতুকের দাবিও তত কম থাকে। তিনি আরও যোগ করে বলেন, সামাজিক রীতিনীতি ও চাপের কারণে অভিভাবকেরা প্রায়শই মেয়েদের বিয়ে দিতে বাধ্য হন এবং গ্রামীণ এলাকার দরিদ্র তরুণীদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই সীমিত। তবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ-এর সহায়তায় জেলা পর্যায়ে আয়োজিত ক্যারিয়ার মেলাগুলোতে দেখা গেছে, শিক্ষা, প্রশিক্ষণ কোর্স ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানতে পারলে এসব পরিবার ও কিশোরীরা বেশ আগ্রহী ও উৎসাহী হয়ে ওঠে।

ক্যাথরিন ব্রিন কামকং ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ এবং ২০১৮ সালের বিধিমালার বেশ কয়েকটি ফাঁকফোকর তুলে ধরেন। তিনি জানান, সবচেয়ে বড় সমস্যা হলো এর ১৯ নম্বর ধারা। এ ধারায় কোনো নির্দিষ্টভাবে ন্যূনতম বয়স নির্ধারণ না করে এবং খুবই সামান্য সুরক্ষাব্যবস্থাসহ ‘বিশেষ প্রেক্ষাপটে’ আইনগত বয়সের নিচে বিয়ের অনুমতি দেয়। এ ছাড়া আইনে শাস্তির বিধান থাকলেও বিবাহটি আইনত বৈধই থেকে যায়; ফলে ১৪ বছর বয়সে বিয়ে হওয়া একটি মেয়ের সেই বিয়ে থেকে বেরিয়ে আসা বা তা বাতিল করার কার্যত কোনো আইনি প্রতিকার থাকে না।

ক্যাথরিন ব্রিন কামকং বলেন, কোনো ব্যতিক্রম ছাড়াই বিয়ের ন্যূনতম বয়স কঠোরভাবে ১৮ বছর নির্ধারণ করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, শৈশবে বিয়ে হলে অকাল গর্ভধারণ ও মাতৃত্বের মারাত্মক ঝুঁকি তৈরি হয়, যা কিশোরী ও তার সন্তানের জীবন বিপন্ন করে তোলে। পাশাপাশি বিয়ের পর মেয়েরা স্কুল ছেড়ে দেয় এবং আর ফিরে আসে না। এর ফলে দেশের মোট জনসংখ্যার অর্ধেক—অর্থাৎ মেয়েরা—তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে না। ফলে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়া মেয়েরা জিডিপিতে অবদান রাখার সুযোগ না পাওয়ায় বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের সম্ভাবনা সীমিত হয়ে পড়ছে।

বাল্যবিবাহ বন্ধে একটি সমন্বিত, সর্বস্তরের সামাজিক সম্পৃক্ততা এবং সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ইউএনএফপিএ প্রতিনিধি। সরকারের সম্ভাব্য শিক্ষাক্রম সংস্কারের প্রেক্ষাপটে তিনি শিক্ষাব্যবস্থাকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভালো কাজ এবং শ্রমবাজারের সাথে যুক্ত করার পক্ষে মত দেন।

একইসাথে উদীয়মান খাতগুলোতে মেয়েদের জন্য সুযোগ তৈরি করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিনামূল্যে ও সহজলভ্য করা এবং শিক্ষাক্রমে প্রজনন স্বাস্থ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মতো বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

তিনি অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ লক্ষ্যে তিনি ইসলামে মেয়েদের কল্যাণ ও স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে ধর্মীয় নেতাদের এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানান। অপ্রাপ্তবয়স্কদের বিবাহ নিবন্ধন রোধে স্থানীয় কাজীদের (বিবাহ নিবন্ধক) কার্যক্রম তদারকির ওপর জোর দেন এবং কিশোরীদের কণ্ঠস্বর তুলে ধরা, তাদের অধিকারের পক্ষে কথা বলা ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে কাজে লাগানোর তাগিদ দেন।

 

মন্তব্য (০)





image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

১

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টা...

২

নিউজ ডেস্কঃ বার্লিনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্...

image

শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার

৩

নিউজ ডেস্ক : শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভাগাভা...

image

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত...

৪

নিউজ ডেস্ক : আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ...

image

কর্মী পাঠানোতে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠো...

৫

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...

  • company_logo