ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। চারটি প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে।
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে তিনটি প্যাকেজের জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
আমদানি করা জ্বালানি তেলের মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন।
বিপিসির প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সবকটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করবে সরকার। এতে গত বছরের তুলনায় ব্যয় বাড়ছে। গত বছরের ডিসেম্বরে প্রতি টন গম ৩১২ দশমিক ২৫ মার্কিন ডলারে কেনা হয়েছিল। এবার একই দেশ থেকে প্রতি টন গম কেনা হচ্ছে ৩৪৭ দশমিক ৭৫ ডলারে।
অর্থাৎ এক বছরের ব্যবধানে টনপ্রতি দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ ডলার বা ১১ দশমিক ৩৭ শতাংশ। ৪ লাখ ৪০ হাজার টন গমের হিসাবে শুধু এই দরবৃদ্ধির কারণে বাড়তি ব্যয় হবে প্রায় ১৯৫ কোটি টাকা।
আরও যেসব প্রস্তাব অনুমোদন
বৈঠকে খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১২৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া কানাডা, সৌদি আরব ও কাফকো থেকে ৫৪৩ কোটি টাকার সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তরের কাজ করবে চীনা প্রতিষ্ঠান।
টিসিবির জন্য ১৮২ কোটি টাকার চিনি ও মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...
নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘কৃ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...
নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...
নিউজ ডেস্ক : দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে...

মন্তব্য (০)