ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এ জন্য প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।
বুধবার (২৫ নভেম্বর) সংস্থাটি এ অনুমোদনের কথা জানায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্পেসএক্স চলতি বছরের শুরুতে মহাকাশে সর্বোচ্চ ১০ লাখ অরবিটাল কম্পিউটিং মডিউল স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেছিল। এসব মডিউলের মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করে পৃথিবীতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এআই কম্পিউটিংয়ের দ্রুত বাড়তে থাকা চাহিদা পূরণে ‘স্টারমাইন্ড’ নামের এই স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলতে চায় তারা।
এফসিসির অনুমোদন অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করতে হবে স্পেসএক্সকে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সর্বোচ্চ সংখ্যার অন্তত ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ স্যাটেলাইট মহাকাশে পাঠাতে হবে। আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে উৎক্ষেপণ করতে হবে মোট সংখ্যার অন্তত ৫০ শতাংশ।
এফসিসি বলেছে, এই অনুমোদনের ফলে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আরও এগিয়ে নেওয়ার নতুন প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ তৈরি হবে।
স্পেসএক্সের দাবি, মহাকাশে থাকা স্যাটেলাইটগুলো প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করে পরিচালিত হতে পারবে। এতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে। পাশাপাশি পৃথিবীতে স্থাপিত প্রচলিত ডেটা সেন্টারের তুলনায় জ্বালানি দক্ষতা বাড়বে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমবে।
তবে বাস্তবে ১০ লাখ স্যাটেলাইটই উৎক্ষেপণ করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে মহাকাশে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে। প্রযুক্তি ও নকশায় পরিবর্তনের সুযোগ রাখতে অনেক সময় স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক স্যাটেলাইটের অনুমোদন চেয়ে থাকে।
এর আগেও স্পেসএক্স তাদের স্টারলিংক নেটওয়ার্কের জন্য ৪২ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি চেয়েছিল। বর্তমানে মহাকাশে তাদের ১১ হাজারের কিছু বেশি স্যাটেলাইট রয়েছে।
নতুন পরিকল্পনা বাস্তবায়নে স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ রকেটের ব্যয় কমিয়ে আনার সক্ষমতার ওপরই অনেকটা নির্ভর করছে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা।
এদিকে স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের স্যাটেলাইট বিভাগ লিওসহ কয়েকটি প্রতিষ্ঠান এ পরিকল্পনার সমালোচনা করেছে। তাদের দাবি, স্পেসএক্সের পক্ষে সব স্যাটেলাইট উৎক্ষেপণ করা কঠিন হতে পারে এবং পুরো পরিকল্পনা বাস্তবায়নে কয়েক শতাব্দীও লেগে যেতে পারে।
তবে গত মার্চে এ সমালোচনার জবাবে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, অন্য প্রতিষ্ঠানের স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে উদ্বিগ্ন না হয়ে অ্যামাজনের নিজেদের উৎক্ষেপণ কার্যক্রম ও স্যাটেলাইট নেটওয়ার্কের দিকে মনোযোগ দেওয়া উচিত।
এ ছাড়া স্পেসএক্সের অপটিক্যাল নেটওয়ার্কের ব্যাকআপ ব্যবস্থা শক্তিশালী করতে অতিরিক্ত যোগাযোগসুবিধা অনুমোদনের আবেদনও মঞ্জুর করেছে এফসিসি।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে ছবি বা ভিডিও ধারণের সম...
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ২০২৬ সালে এসে স্মার্টফোন আর কেবল কথা বল...
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে গ্রাহকের ...
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস (এআই) বা...
তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সার্চ ইঞ্জিন...

মন্তব্য (০)