• লিড নিউজ
  • জাতীয়

‎জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নদীর বুকে ভাসত না লাশ। ভেসে উঠত না হত্যার চিহ্ন। এজন্য মানুষ হত্যা করেই ক্ষান্ত হতেন না তারা। গুলি চালানোর পর পেট কেটে বের করা হতো নাড়িভুঁড়ি। এরপর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে উঠে এসেছে এমনই নৃশংস বর্ণনা।

‎আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় করা এ মামলায় প্রসিকিউশনের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শুরু হয় মঙ্গলবার (২৪ নভেম্বর)।
‎
‎এদিন বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
‎
‎শুরুতেই মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এরপর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনান। পরে ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি বর্ণনা করেন তিনি।
‎
‎হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে ট্রাইব্যুনালে আমিনুল ইসলাম বলেন, মানুষকে হত্যা করার সময় রক্ত যেন নিজের গায়ে না লাগে, সেজন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় মানুষকে গুলি করার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়ার নৃশংসতাও সামনে আনেন তিনি। এ সময় একজন গুলি করতেন, আরেকজন পেট কাটতেন বলে জানান চিফ প্রসিকিউটর।
‎
‎বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মাই লর্ড এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে।
‎
‎জিয়াউল আহসানের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেন ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। র‍্যাবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব হত্যাকাণ্ডে তৎকালীন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার কথাও উল্লেখ করেন এই কর্মকর্তা।
‎
‎জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী বলেন, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে অফিস চলাকালে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে উপস্থিত হন জিয়াউল আহসান। পরে আমাকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে যান তিনি। সেখানে আগে থেকেই র‍্যাবের ইন্ট উইংয়ের সদস্যরা একটি ট্রলার প্রস্তুত করে রেখেছিলেন। ঢাকা থেকে আসা ইন্ট উইংয়ের সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরা একজন ব্যক্তিকেও ট্রলারে তুলে খোলের মধ্যে রাখা হয়।
‎
‎জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে যায়। প্রায় তিন ঘণ্টা চলার পর ট্রলারের খোল থেকে হাত বাঁধা ব্যক্তিকে বের করে আনতে বলেন জিয়াউল আহসান। এরপর ওই ব্যক্তির গলা ও পায়ের কাছে দুটি সিমেন্টভর্তি বস্তা বেঁধে দেন র‍্যাবের চার সদস্য। তার মাথা ও কান বরাবর একটি ছোট বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করা হয়। এরপর তার পেট কেটে ফেলা হয়।
‎
‎সাক্ষ্যে সাব্বির রহমান আরও বলেন, নিজের হাত ঢুকিয়ে গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার সঠিকতা নিশ্চিত করতেন একজন র‍্যাব সদস্য। পরে নদীতে জোয়ার-ভাটার কারণে পানির গভীরতা মেপে ট্রলারের গতি কমাতে বলতেন জিয়াউল আহসান। এরপর ইন্ট উইংয়ের চার সদস্যকে গুলিবিদ্ধ দেহটি সিমেন্টভর্তি বস্তাসহ পানিতে ফেলে দিতে বলতেন। ঘটনার পর চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। পথে পরিবেশ স্বাভাবিক করার জন্য জিয়াউল আহসান নিজেই বলেন, এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদেরকে গলফ করতে হবে।
‎
‎২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি ঘটনার বর্ণনা দেন সাবেক এই সেনা কর্মকর্তা। ওই ঘটনায় চারজনকে হত্যার কথা উল্লেখ করেন তিনি। তার জবানবন্দি অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, পেট কাটা মরদেহটির ডিএনএ পরীক্ষা করে ব্যক্তিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম হিসেবে শনাক্ত করা হয়েছিল।
‎
‎ভুক্তভোগীদের নিয়ে যাওয়াসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে জবানবন্দিতে। সাব্বির জানান, ২০১১ সালের জুনে তাকে ফোন করে জিয়াউল জানান, আলকাছ মাঝি গলফ অপারেশনসংক্রান্ত বিভিন্ন তথ্য চরদুয়ানী বাজারে বলে বেড়াচ্ছেন। এতে র‍্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এরপর তাকে আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেন তিনি।
‎
‎শুধু চরদুয়ানীতেই নয়, সুন্দরবনেও এ ধরনের কার্যক্রম চালানো হয় বলে নিজের সাক্ষ্যে জানিয়েছেন সাব্বির রহমান। জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় তিনটি সুন্দরবনকেন্দ্রিক তথাকথিত এনকাউন্টার অভিযান পরিচালনা প্রত্যক্ষ করেন এই সাক্ষী। র‍্যাবে দায়িত্ব পালনকালে এসব ঘটনায় মানসিক যন্ত্রণার কোনো প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন বলে জবানবন্দিতে জানান তিনি। চাকরির ১৮ বছর পূর্ণ হলে র‍্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে আসেন বলেও জানান তিনি।
‎
‎প্রথম দিনের যুক্তিতর্কে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটররা। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
‎
‎নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তার পক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

মন্তব্য (০)





image

আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা সফল হয়নি: তথ্য উপদেষ্টা

১

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর কার্যক্রম নিষিদ্ধ...

image

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

২

নিউজ ডেস্কঃ  তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক ...

image

হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

৩

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদ...

image

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ

৪

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বল...

image

পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

৫

নিজস্ব ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে...

  • company_logo