নিউজ ডেস্কঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ হলো আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ। এ ছাড়া তাকে ফিরিয়ে আনার দ্বিতীয় কোনো বিকল্প নেই।
শনিবার (২১ নভেম্বর) সুনামগঞ্জের দিরাইয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিশির মনির বলেন, প্রত্যর্পণ চুক্তির পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ সরকার অনুরোধ পাঠালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এ বিষয়ে তিনবার জানতে চেয়েছে।
তিনি বলেন, চুক্তির অধীনে প্রত্যর্পণ করতে হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই দেশে গ্রেফতার করতে হবে। এরপর তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। ওই ম্যাজিস্ট্রেটকে বলা হয় ‘এক্সট্রাডাইটিং ম্যাজিস্ট্রেট’। তিনি ম্যাজিস্ট্রেট হলেও তার ক্ষমতা হাইকোর্টের সমান। বাংলাদেশ থেকে পাঠানো কাগজপত্র সঠিক মনে হলে তিনি প্রত্যর্পণের আদেশ দেবেন। এরপর দুই সরকারের সুবিধাজনক সময় ও স্থান, অর্থাৎ ‘পয়েন্ট অব কনভেনিয়েন্স’ নির্ধারণ করে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
উদাহরণ দিয়ে শিশির মনির বলেন, এ আইনের আওতায় ইতোমধ্যে দুজনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের একজন অনুপ চেটিয়া এবং অন্যজন নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেন।
শেখ হাসিনার স্ট্যাটাস প্রসঙ্গে তিনি বলেন, লোকসভার রিপোর্ট অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তির স্ট্যাটাস হলো ‘হিউম্যানিটারিয়ান রিফিউজ’, অর্থাৎ মানবিক আশ্রয়। অস্তিত্বের সংকটে থাকা ব্যক্তিদের এ ধরনের আশ্রয় দেওয়া হয়। ব্যক্তিগতভাবে এই স্ট্যাটাস বাতিল করা যায় না। এ জন্য ভারত সরকারকে আগে স্ট্যাটাস পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই। এক সরকার অন্য সরকারের কাছে প্রত্যর্পণ করে।
জামায়াত ও বিএনপির ঐক্য প্রসঙ্গে শিশির মনির বলেন, সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সমালোচনার পরিবেশ থাকতে হবে। গালাগালি, বাজে শব্দের ব্যবহার ও অপমান বন্ধ করতে হবে। বিরোধী দল কিংবা সরকারি দল, যে পক্ষই এমন আচরণ করুক না কেন, তাকে থামাতে হবে। জুলাই আন্দোলনের প্রাপ্তি ও গণভোটের গুরুত্ব দিতে হবে। ৫ আগস্টের চেতনার বাইরে গেলে রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ হবে, এ বিষয়ে সবাই একমত।
ওসমান হাদী হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে শিশির মনির বলেন, এ মামলায় একটি অভিযোগপত্র দেওয়া হলেও বাদীপক্ষ তা গ্রহণ না করে নারাজি আবেদন করেছে। ফলে মামলাটি আবার অধিকতর তদন্তে গেছে। এখন মূল প্রশ্ন হলো, মোটরসাইকেল থেকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, সেটির সরবরাহ কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা ষড়যন্ত্রকারী ছিল। শুধু কে গুলি করেছে, তা বের করলেই হবে না; এটি কোনো পরিকল্পনা বা নকশার অংশ কি না, তাও খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা দক্ষ। তবে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তদন্তে হস্তক্ষেপ করা হলে তা দুর্বল হয়ে যায়। সাগর-রুনি হত্যা মামলার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল। সরকার বিচার চায়। আদালত নারাজি আবেদন গ্রহণ করায় এখন অধিকতর তদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করতে হবে।
মতবিনিময় সভায় দিরাই প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাবেক আহ্বায়ক শোয়েব হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)