• জাতীয়

কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝিরিঝিরি থেকে মাঝারি বৃষ্টি ঝরছে। এর মধ্যেই মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় বেশ কয়েকটি জেলায় এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে শীতের আগমনী বার্তা।

আবহাওয়ার এমন খেয়ালি আচরণে সবার মনেই এখন একটি প্রশ্ন— এ বৃষ্টির রেশ আর কত দিন চলবে? আবহাওয়া অফিস জানাচ্ছে, ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে। তবে দেশের বাকি অংশে আকাশ কিছুটা মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে আশ্বস্ত করে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত হানার কোনো শঙ্কা নেই। এটি মূলত ভারতের দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে বয়ে যাচ্ছে। তবে এর প্রভাবে পশ্চিমা বাতাসের সঙ্গে প্রচুর মেঘ আমাদের দেশের আকাশে ঢুকে পড়ছে, যার ফলে সারা দেশেই বৃষ্টির এমন পরিবেশ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘আজ থেকে আগামী দুই দিন বৃষ্টিপাত হতে পারে। আজ ও আগামীকাল বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। তবে পরশু থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। কিছু অঞ্চল থেকে বৃষ্টি একেবারে বিদায়ও নিতে পারে। সারা দেশেই বৃষ্টির প্রবণতা রয়েছে। তবে দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে।’

এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি গত মধ্যরাতে (১৮ নভেম্বর) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (০)





  • company_logo