• লিড নিউজ
  • জাতীয়

ভূমি অধিগ্রহণে মহাদুর্নীতি, ২২ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের তথ্যপ্রমাণ

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে নরসিংদী জেলা প্রশাসনে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে ভূমি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। জেলা প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে মাঠপর্যায়ের অন্তত ২২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন, চার সাবেক জেলা প্রশাসক, ছয় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং আট ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্বকালে অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ কোটি টাকার ক্ষতিপূরণের চেক ঘিরে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পর্যালোচনা করেছে কমিটি। তবে প্রকৃত আত্মসাৎ বা সরকারি আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে চার সাবেক জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান, ড. বদিউল আলম ও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর দায়িত্বকালে ভূমি অধিগ্রহণের বিভিন্ন প্রক্রিয়ায় অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে। অধিগ্রহণের নোটিশ, যৌথ তদন্ত, ফিল্ডবুক তৈরি, জমির শ্রেণি নির্ধারণ, রোয়েদাদ অনুমোদন ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে তাদের তদারকির ঘাটতি ছিল বলে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। তাদের ব্যক্তিগত দায় নির্ধারণে অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি।

ছয় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ ও মোহাম্মদ নাজমুল হাসানের দায়িত্বকালেও বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাদের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ নথি, ক্ষতিপূরণ নির্ধারণে অনিয়ম ও প্রশাসনিক তদারকির ঘাটতির অভিযোগ রয়েছে। সাবেক এডিসি শাহিনা পারভীন ও ফারুক আহমেদের দায়িত্বকালের নথি নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে আরও অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া আট ভূমি অধিগ্রহণ কর্মকর্তা—মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক ও আসমাউল হুসনা পিংকির দায়িত্বকালে বিভিন্ন এলএ মামলায় অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের নির্দিষ্ট দায়িত্বকাল, সংশ্লিষ্ট মামলা ও ভূমিকা যাচাই করে দায় নির্ধারণের সুপারিশ করেছে কমিটি।

প্রতিবেদনে সাবেক এডিসি অঞ্জন দাশের বিরুদ্ধে সংবাদ ধামাচাপা দিতে প্রতিবেদককে উৎকোচ দেওয়ার চেষ্টার অভিযোগেরও উল্লেখ রয়েছে। অডিও রেকর্ড ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় অভিযোগটির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং দুদকে অভিযোগ পাঠানোর সুপারিশ করা হয়েছে।

ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেনকে অন্যত্র বদলি করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের সুপারিশ করা হয়েছে। তবে প্রতিবেদন জমা দেওয়ার দুই মাস পরও তাকে বদলি করা হয়নি। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এ দুর্নীতি নিয়ে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২৬ এপ্রিল চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে ৩০ এপ্রিল ভূমি মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য, তিন দফা সরেজমিন পরিদর্শন এবং জেলা প্রশাসনের প্রায় ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথি পর্যালোচনা করে ৭০ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করা হয়। গত ১৬ আগস্ট প্রতিবেদনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

মন্তব্য (০)





image

ইসি সার্ভারে ৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, ভোগান্তিতে নাগর...

১

নিউজ ডেস্ক : সফটওয়্যার জটিলতায় নির্বাচন কমিশনের (ইসি) সার্ভা...

image

এমপি তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় নাশকতার আলামত পেলে ব্...

২

নিউজ ডেস্কঃ  সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগ...

image

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্কঃ প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য&md...

image

‎পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ‎

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পৃথিবীর পরিবেশ...

image

‎এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ ...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার...

  • company_logo