ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্রদান, আসামিকে পালাতে সহায়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে মাসুদ রানা (৪৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ফেসবুকে প্রচারিত অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পঞ্চগড় জেলা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘MD Masud Rana’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ তুলে লাইভ প্রচার করা হয়। বিষয়টি পুলিশের নজরে এলে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেছে জেলা পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানার বাড়িতে কয়েকজন ব্যক্তি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন। এ তথ্যের ভিত্তিতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে বিট অফিসার এসআই মো. হারুন অর রশিদের নেতৃত্বে আট সদস্যের একটি পুলিশ দল বুধবার ভোর ৪টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়িতে অবস্থানরত কয়েকজন নারী-পুরুষ পালিয়ে যান। এ সময় মাসুদ রানা, তার স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের লোকজনকে জড়ো করেন। একপর্যায়ে স্থানীয় কিছু নারী-পুরুষ ও পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশের পথরোধ করেন এবং ধস্তাধস্তির মাধ্যমে সরকারি কাজে বাধা দেন। এতে মাসুদ রানাকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যেতে সহায়তা করা হয় বলে দাবি পুলিশের।
পরে বিষয়টি থানার ওসিকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ধৈর্যের পরিচয় দেয় এবং বলপ্রয়োগ থেকে বিরত থাকে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জেলা পুলিশের দাবি, মাসুদ রানা দণ্ডপাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মাদক, প্রতারণা ও অন্যান্য অভিযোগে মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, নিজের অপরাধ ও আইনি প্রক্রিয়া আড়াল করতে মাসুদ রানা পুলিশের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তুলে ফেসবুক লাইভে অপপ্রচার চালাচ্ছেন বলে তাদের ধারণা।
এ ঘটনায় সরকারি কাজে বাধাদান, মব সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে মাসুদ রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় জেলা পুলিশ।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিত্তিহীন তথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

মন্তব্য (০)