• লিড নিউজ
  • জাতীয়

‎ড্রোন ও দ্রুতগতির জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস্টগার্ড

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জোরদারে ড্রোন, দ্রুতগতির জলযান ও আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।
‎
‎দেশের ১৯টি উপকূলীয় জেলার বিস্তীর্ণ সমুদ্রসীমা, সমুদ্রবন্দর, গুরুত্বপূর্ণ নৌপথ, সামুদ্রিক সম্পদ ও উপকূলীয় জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
‎
‎বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘ড্রোন, আধুনিক টহল জলযান, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সমন্বিত সামুদ্রিক নজরদারি প্রযুক্তি কোস্টগার্ডের কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।’
‎
‎তিনি বলেন, দেশের বিশাল উপকূলীয় অঞ্চল, দুর্গম চরাঞ্চল ও বিস্তীর্ণ সামুদ্রিক এলাকায় প্রচলিত টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ।
‎
‎জলদস্যুতা, বনদস্যুতা, মানবপাচার ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও কোস্টগার্ডকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রতিকূল আবহাওয়া, উত্তাল সমুদ্র ও দুর্গম অবস্থানের কারণে এসব অভিযান আরও জটিল হয়ে ওঠে বলে তিনি জানান।
‎
‎এ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে সাব্বির আলম সুজন বলেন, ২০২৬ সালের এপ্রিলে কোস্টগার্ডের সরঞ্জাম তালিকায় তিনটি নজরদারি ড্রোন ও একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন যুক্ত হয়েছে।
‎
‎এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় একটি বহুমুখী রেসপন্স ভেসেল এবং দুটি অফশোর প্যাট্রল ভেসেল নির্মাণাধীন রয়েছে। সমন্বিত সামুদ্রিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হেলিকপ্টার সংগ্রহের পরিকল্পনাও রয়েছে কোস্টগার্ডের।
‎
‎ড্রোনের মাধ্যমে নির্ধারিত এলাকায় নজরদারি, নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য হুমকি শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে টহল জলযান ও উপকূলীয় স্টেশনগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
‎
‎এদিকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্রসম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
‎
‎তিনি সামুদ্রিক বিষয়াবলি বা বঙ্গোপসাগরবিষয়ক একটি পৃথক মন্ত্রণালয় গঠন এবং নৌবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন।
‎
‎তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত জনবল নিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
‎
‎বিমরাড মহাপরিচালক বলেন, দীর্ঘ উপকূলীয় সীমান্ত ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তা ব্যবস্থাপনায় ভারত ও পাকিস্তানের মতো দেশেও পৃথক মন্ত্রণালয় রয়েছে।
‎
‎ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামুদ্রিক বিষয়াবলি মন্ত্রণালয়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রেও এ ধরনের পৃথক মন্ত্রণালয় গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
‎
‎তিনি বলেন, সমুদ্রে সংঘটিত কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং সে সম্পর্কে সম্যক ধারণা অর্জনের সক্ষমতা- ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস’ (এমডিএ)- সামুদ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস), স্যাটেলাইট, ড্রোন ও গোয়েন্দা তথ্যের সমন্বিত ব্যবহার জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
‎
‎এ ধরনের সক্ষমতা সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণেও সহায়ক হবে।
‎সাবেক এই নৌ কর্মকর্তা বলেন, কার্যকর সামুদ্রিক নজরদারি নিশ্চিত করতে দক্ষ জনবল, যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা এবং সময়মতো তথ্য আদান-প্রদান অপরিহার্য। এর মাধ্যমে উদ্ভূত হুমকি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

মন্তব্য (০)





image

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

১

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হো...

image

‎নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্...

২

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স...

image

‎বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হ...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেস...

image

‎রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত র...

৪

‎নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী স...

image

ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

৫

নিউজ ডেস্কঃ মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব...

  • company_logo