ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজধানীতে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে অন্তত আটটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা- সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।
ভাটারা থানার কর্তব্যরত কর্মকর্তা দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা, কিভাবে আগুন দিল এখনও সেটি জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান ছাড়াও পল্লবী থানা প্রাঙ্গণ ও মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্য চত্বর, নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, টিএসসি, জগন্নাথ হলের সামনের এলাকা, ডাকসুর সামনে ও শাহবাগে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় তিন জনকে আটক করেন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাত সাড়ে ৭টার দিকে পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসব ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে ঘটানো হচ্ছে বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন।
নিউজ ডেস্ক : সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অবৈধভাবে বস...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্ম...
নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্...
নিউজ ডেস্ক : রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে প্রথাগত কূট...

মন্তব্য (০)