ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভারত মহাসাগরজুড়ে ১৩ দিনের এক সমুদ্রযাত্রায় ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দিয়েছে অস্ট্রেলিয়ার সীমান্তরক্ষী বাহিনী (এবিএফ)। ২০২৬ সালের ‘কোয়াড-অ্যাট-সি শিপ অবজারভার মিশন’-এর আওতায় সামুদ্রিক সহযোগিতা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।
চার দেশের কর্মকর্তারা ভারতীয় কোস্ট গার্ডের একটি জাহাজে যাত্রা করেন। জাহাজটি ২৫ সেপ্টেম্বর চেন্নাই থেকে যাত্রা শুরু করে ৭ অক্টোবর পশ্চিম অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টলে পৌঁছায়।
সমুদ্রযাত্রার সময় কর্মকর্তারা পাশাপাশি থেকে কাজ ও প্রশিক্ষণ নেন। এ সময় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার, সামুদ্রিক দূষণ মোকাবিলা, সামুদ্রিক আইন প্রয়োগ এবং জাহাজে উঠে তল্লাশি চালানোর কার্যক্রমকেন্দ্রিক বিভিন্ন মহড়ার মাধ্যমে তাঁরা নিজেদের কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা বিনিময় করেন।
এই উদ্যোগের লক্ষ্য ছিল সমন্বয় জোরদার করা, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় চার দেশের সম্মিলিত সক্ষমতা উন্নত করা।
অস্ট্রেলিয়ার মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার বলেন, অস্ট্রেলিয়ার সামুদ্রিক নিরাপত্তার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব অপরিহার্য।
“কোয়াড-অ্যাট-সি শিপ অবজারভার মিশন অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বের একটি বাস্তব উদাহরণ। একই সঙ্গে জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন, যার লক্ষ্য একটি নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল।”
তিনি আরও বলেন, এই মিশনের মাধ্যমে কোয়াডের চারটি দেশেরই কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক আস্থা তৈরি এবং সমুদ্রে কার্যকর সহযোগিতায় সহায়ক পেশাগত সম্পর্ক জোরদার করার সুযোগ তৈরি হয়েছে।
তাঁর ভাষ্য, এ ধরনের মহড়া দেশগুলোর মধ্যে আন্তঃকার্যক্ষমতাও বৃদ্ধি করে। পাশাপাশি সামুদ্রিক দুর্ঘটনা ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর সক্ষমতা উন্নত করে।
২০২৬ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার এবিএফ মেরিটাইম বর্ডার কমান্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই সংস্থার বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই মিশন তারই ধারাবাহিকতা।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সামুদ্রিক অংশীদারত্ব ও উন্নত সমন্বয়ের মাধ্যমে নিরাপদ, সুরক্ষিত ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কোয়াডের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই উদ্যোগ।
নিউজ ডেস্ক : ইসরাইলে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মধ্যেই দ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের মধ্যে চারটি...
নিউজ ডেস্ক : রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের ভোট গণনার ...
নিউজ ডেস্ক : ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের হাজম...

মন্তব্য (০)