ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানের শাটারের তালা কেটে বৈদ্যুতিক তার ও সরঞ্জাম লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক এবং লুণ্ঠিত মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকার বোয়ালিয়া মোড়ের বিপরীত পাশে অবস্থিত ‘সুবাহান এন্টারপ্রাইজ’ নামের দোকানটিতে ডাকাতি হয়। দুর্বৃত্তরা শাটারের তালা কেটে দোকানে ঢুকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল ও সরঞ্জাম একটি ট্রাকে তুলে নেয়। দোকানে রাখা নগদ অর্থও লুট করা হয়।
ঘটনার পর দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ কালীগঞ্জ থানায় মামলা করেন। তদন্তে নেমে পুলিশ ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় ঢাকায় অভিযান চালিয়ে মো. রমজান (৪০) ও মো. মিলন মিয়া (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বসতবাড়ি ও ভাড়া নেওয়া দোকানে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ডাকাতির কাজে ব্যবহৃত একটি জ্যাক পিকআপ ট্রাক এবং লুট করা মালামাল অন্যত্র নেওয়া ও বিক্রির কাজে ব্যবহৃত একটি ছোট পিকআপ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার রমজান ঢাকার বাড্ডা থানার বড় বেরাইদ হাড়াইলদিয়া এলাকার বাসিন্দা। অন্যদিকে মিলন মিয়ার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার গাবা রামচন্দ্রপুর গ্রামে।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপপরিদর্শক মাহমুদুল হাসান ও অপূর্ব কুমার বাইনসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের ...
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্...
নিউজ ডেস্ক : লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধ...
নিউজ ডেস্কঃ দুর্নীতি, প্রতারণা ও অবৈধ বল প্রয়োগে...
নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন...

মন্তব্য (০)