• সমগ্র বাংলা

বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের দক্ষতা বাড়াতে কালীগঞ্জে উদ্যোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: সামাজিক বৈষম্য দূর করা, ডিজিটাল মাধ্যমে নিরাপদ থাকা এবং সঠিক তথ্য চেনার সক্ষমতা অর্জন—এমন নানা বিষয়ে তরুণদের সচেতন করে তুলতে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের একটি স্থানীয় রেস্টুরেন্টে কালীগঞ্জ আদর্শ যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ‘SHOMOTAY TARUNNO’ প্রকল্পের আওতায় এ আলোচনা হয়।

অনুষ্ঠানে জেন্ডারভিত্তিক প্রচলিত ধারণা বা স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং অধিকার আদায়ে অ্যাডভোকেসির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সামাজিক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

কালীগঞ্জ আদর্শ যুব উন্নয়ন ক্লাবের সভাপতি রানা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আকন্দ। এ ছাড়া গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতারা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ আকাশ।

আয়োজকেরা মনে করেন, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের অবাধ প্রবাহের সময়ে সঠিক তথ্য যাচাই, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং বৈষম্যহীন মানসিকতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে তরুণদের দক্ষতা বাড়লে তাঁরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনেও ভূমিকা রাখতে পারবেন।

স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে সামাজিক সচেতনতা ও দায়িত্বশীল নাগরিকত্ব বিকাশে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

মন্তব্য (০)





  • company_logo