ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে ক্রীড়া শিক্ষার সঙ্গে মার্শাল আর্টের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই সরকার প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল শেখায় না; এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা অর্জনেও সহায়তা করে। একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।
তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা এবং মার্শাল আর্টের প্রসার অপরিহার্য। এ লক্ষ্যে কারাতে সংগঠনগুলোর প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
ববি হাজ্জাজ নিজের কারাতে চর্চার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ১৯৯১ সালে, কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মধ্য দিয়ে তার এ যাত্রা শুরু হয়। সে সময়ের অনুশীলন, সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্ব এবং বিভিন্ন কারাতে প্রদর্শনীর স্মৃতি আজও তাকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে তিন দশকেরও বেশি সময় আগের সেই স্মৃতিগুলো আবারও ফিরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং আত্মরক্ষার সক্ষমতা গড়ে তুলতে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) একটি আন্তর্জাতিক মান...
পাবনা প্রতিনিধিঃ বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের কাঙ্ক্ষ...
নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারের নির্দেশন...
বাকৃবি প্রতিনিধি : খুলনায় একটি বেকারির কর্মচারীদের পিকনিকে ...
নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাক...

মন্তব্য (০)